HomeTop Newsদিল্লিতে দীপাবলিতে ছাড় সবুজ বাজিতে

দিল্লিতে দীপাবলিতে ছাড় সবুজ বাজিতে

৭-৮ নভেম্বর সময় বেঁধে দিল শীর্ষ আদালত

ওয়েব ডেস্কঃ দীপাবলির প্রাক্কালে ও উৎসবের দিনে দিল্লি ও সংলগ্ন জাতীয় রাজধানী অঞ্চলে নির্দিষ্ট সময়ের জন্য সবুজ বাজি ফাটানোর অনুমতি দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ জানিয়েছে, আগামী ৭ এবং ৮ নভেম্বর— এই দু’দিন সকাল ৬টা থেকে ৭টা এবং রাতে ৮টা থেকে ১০টা পর্যন্ত সবুজ বাজি ফাটানো যাবে।

গত বছর অক্টোবর মাসেও পরীক্ষামূলক ভাবে দীপাবলির সময় নির্দিষ্ট কয়েক ঘণ্টার জন্য দিল্লি-এনসিআর এলাকায় শর্তসাপেক্ষে সবুজ বাজি বিক্রি ও ফাটানোর ছাড় দিয়েছিল শীর্ষ আদালত। দিল্লি-এনসিআরের বায়ুদূষণ সংক্রান্ত একটি স্বতঃপ্রণোদিত মামলা এবং বাজি তৈরিতে নিষেধাজ্ঞার দাবিতে দায়ের হওয়া অপর একটি আবেদনের শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। গত সপ্তাহেই এই মামলার শুনানিতে বাজির উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে চায়নি আদালত।

দুই বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রশাসন বাস্তবে কড়া ভাবে নিয়ম কার্যকর না করলে আদালতের বার বার নির্দেশ দেওয়ার কোনও অর্থই থাকে না। কেন্দ্রের তরফে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্যা ভাটিকে বেঞ্চ জানায়, কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং নিষেধাজ্ঞা যাতে মানা হয় তা নিশ্চিত করতে হবে। আদালত আরও জানায়, বাজি নিয়ন্ত্রণে সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। অন্য দিকে, বাজি নিয়ন্ত্রণের দাবিতে মামলাকারীদের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন সওয়াল করেন, সুপ্রিম কোর্টের আগের নির্দেশগুলি বার বার লঙ্ঘন করা হয়েছে। তাই বাজি উৎপাদনই নিষিদ্ধ করার আর্জি জানান তিনি।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments