HomeScrollনবাবি দরবারের বিতর্কিত মুজরাকে শিল্পের মর্যাদায় বিশ্বমঞ্চে ফেরানোর উদ্যোগ কলকাতায়

নবাবি দরবারের বিতর্কিত মুজরাকে শিল্পের মর্যাদায় বিশ্বমঞ্চে ফেরানোর উদ্যোগ কলকাতায়

লখনউয়ের নবাবি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত মুজরার ইতিহাস

কলকাতা: মুজরা কি শুধুই বিতর্কিত সামাজিক পরিচয়, নাকি সংগীত, কথক ও কাব্যের সমৃদ্ধ শিল্পঐতিহ্য? এই প্রশ্নকে সামনে রেখেই কলকাতায় শুরু হল এক অভিনব সাংস্কৃতিক উদ্যোগ। নবাবি দরবারের ঐতিহ্যবাহী মুজরাকে সামাজিক পূর্বধারণার বেড়াজাল থেকে বের করে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গত ১ নভেম্বর ভারতসভা হলে অনুষ্ঠিত হল ‘Live Kathak and Mujra – First Time in Kolkata’।

লখনউয়ের নবাবি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত মুজরার ইতিহাস। তাওয়ায়েফ শিল্পীদের সংগীত, কথক, কাব্য ও অভিনয়ের তালিম এই শিল্পধারাকে সমৃদ্ধ করেছিল। কিন্তু সময়ের সঙ্গে তাঁদের শিল্পীসত্তা ছাপিয়ে বড় হয়ে উঠেছে সামাজিক পরিচয়। সেই হারিয়ে যাওয়া সাংস্কৃতিক মর্যাদা পুনরুদ্ধারই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মী অরূপ মুখোপাধ্যায়ের পরিকল্পনায় আয়োজিত অনুষ্ঠানে কথক ও মুজরা পরিবেশন করেন তন্নী চৌধুরী। কবি তৃপ্তি কুণ্ডুর কবিতাপাঠ এবং ‘আমরা পদাতিক’-এর পরিবেশনাও বিশেষ আকর্ষণ ছিল।

আরও পড়ুন:

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বড় চমক, থাকছেন অক্ষয়, সঞ্জয়

উদ্যোক্তাদের পরিকল্পনা, দেশের বিভিন্ন প্রান্তের মুজরার আঞ্চলিক বৈশিষ্ট্য তুলে ধরে ধারাবাহিক অনুষ্ঠান আয়োজন এবং পরবর্তী সময়ে আন্তর্জাতিক মঞ্চে এই শিল্পকে প্রতিষ্ঠা করা। পাশাপাশি সোনাগাছির প্রান্তিক মানুষের সামাজিক ক্ষমতায়ন ও জীবনযাত্রার উন্নয়নেও কাজ করার ভাবনা রয়েছে।

অরূপ মুখোপাধ্যায়কে সহযোগিতা করেন শমীক বন্দ্যোপাধ্যায়, রাজর্ষি রায়চৌধুরী ও প্রদীপ আদ্য। বিচারপতি, প্রশাসনিক আধিকারিক, শিল্পী ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই উদ্যোগ কলকাতার সাংস্কৃতিক পরিসরে নতুন আলোচনার জন্ম দিল।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments