ওয়েব ডেস্ক: শ্রমিক রাজনীতিতে নতুন ইনিংস শুরু করতে চলেছে বাংলার বিজেপি। এত দিন রাজ্যে বিজেপির কোনও শ্রমিক সংগঠন ছিল না বলে জানিয়েছিলেন খোদ দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এবার তাঁর মুখেই শোনা গেল নতুন উদ্যোগের কথা। বাংলার শ্রমিক রাজনীতিতে নিজেদের সাংগঠনিক ভিত মজবুত করতে তৈরি হচ্ছে বিজেপির নতুন ট্রেড ইউনিয়ন। ফলে রাজ্যের শিল্পাঞ্চল ও শ্রমিক মহলে প্রভাব বিস্তারের লক্ষ্যে নতুন করে সক্রিয় হতে চলেছে পদ্ম শিবির।
কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মপ্রকাশ করেছে ‘এনএসসিবিআই এয়ারপোর্ট কনট্রাক্টরস ওয়ার্কার্স মোর্চা’। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশল এই সংগঠনের সূচনাকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শমীকও। আগামী দিনে অন্য ক্ষেত্রেও শ্রমিক সংগঠন গড়ার পরিকল্পনা রয়েছে দলের।




