কলকাতা: দীর্ঘদিনের অচলাবস্থা, ক্ষমতার দাপট, সাংগঠনিক সংঘাত আর ব্যান সংস্কৃতির বিতর্কে কার্যত দিশাহারা হয়ে পড়েছিল টলিপাড়া। কাজের পরিবেশ নিয়ে ক্ষোভ, গিল্ডের সদস্যপদ ঘিরে প্রশ্ন, টেকনিশিয়ানদের বঞ্চনার অভিযোগ—সব মিলিয়ে বাংলা চলচ্চিত্র শিল্পের ভিতেই তৈরি হয়েছিল গভীর সংকট। সেই অন্ধকার কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর উদ্যোগে এ বার সামনে এলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। তাঁর তত্ত্বাবধানেই শুরু হল টলিউডের বিভিন্ন গিল্ডের নির্বাচন।
শনিবার, ৩১ অক্টোবর থেকে টেকনিশিয়ান স্টুডিয়োয় শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে রবিবার, ১ নভেম্বর পর্যন্ত। কড়া পুলিশি নিরাপত্তা এবং প্রশাসনিক নজরদারিতে চলছে নির্বাচন প্রক্রিয়া। ভোট যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয়, তা নিশ্চিত করতে সকাল থেকেই স্টুডিয়োপাড়ায় উপস্থিত ছিলেন মিঠুন। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষও।
আরও পড়ুন:
ভিক্টোরিয়ায় চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট, রজনীকান্ত- প্রভাসকে নিয়ে বড় চমক
টলিউডের সাংগঠনিক জটিলতা কাটাতে গত ১৭ অগস্ট নন্দনে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন মিঠুন-সহ শিল্পী ও কলাকুশলীদের প্রতিনিধিরা। সেখানেই নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার সিদ্ধান্ত হয়। মিঠুনের স্পষ্ট বক্তব্য, সংগঠনে একনায়কতন্ত্র নয়, চলবে নিয়ম এবং সংবিধান মেনে। আগে যে অনিয়মের অভিযোগ উঠেছে, তার পুনরাবৃত্তি বরদাস্ত করা হবে না।
মিঠুনের এই উদ্যোগ নিছক সাংগঠনিক নির্বাচন নয়, টলিউডের গণতান্ত্রিক পুনর্গঠনের পরীক্ষাও। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে বাংলা চলচ্চিত্র শিল্প আবার নিজের হারানো গতি ফিরে পায় কি না, এখন সেটাই দেখার।




