কলকাতা: সপ্তাহান্তে চরম ভোগান্তির আশঙ্কা। রবিবার কলকাতা মেট্রোর ব্যস্ততম ব্লু লাইনে দীর্ঘ ৯ ঘণ্টা একটি বড় অংশের পরিষেবা বন্ধ থাকবে। মেট্রোর ব্লু লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য মাসের প্রথম রবিবার মেট্রো পরিষেবা ব্লু লাইনের একাংশে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। অন্য দিকে, পূর্ব রেলের শিয়ালদহ এবং আসানসোল ডিভিশনে ওভারহেড তার ও ট্র্যাকের জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জেরে বাতিল করা হয়েছে প্রচুর লোকাল ও মেমু ট্রেন। ফলে শহর থেকে শহরতলি, জেলা সাধারণ মানুষের চরম ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।
রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল রবিবার সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত প্রায় ন’ঘণ্টা শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। নেতাজি এবং মহানায়ক উত্তম কুমার স্টেশনে সংস্কার কাজের ফলে পরিষেবা বিঘ্নিত হবে। দক্ষিণেশ্বর থেকে ময়দান স্টেশনের মধ্যে মেট্রো চলাচল স্বাভাবিক থাকবে। অর্থাৎ, রবিবার সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ব্লু লাইনে দু’প্রান্তের বদলে শুধুমাত্র দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত ট্রেন চালানো হবে। সময়সূচি অনুযায়ী, দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ময়দান স্টেশন থেকে ছাড়বে সকাল ৯টা ১৫ মিনিটে। অন্য দিকে, দক্ষিণেশ্বর থেকে ময়দানগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। ফলে ময়দান পর্যন্ত যাতায়াত করা যাত্রীদের জন্য পরিষেবা চালু থাকবে। শহিদ ক্ষুদিরাম এবং দক্ষিণেশ্বর, দুই প্রান্ত থেকেই নির্ধারিত সময়েই শেষ মেট্রো ছাড়বে।
আরও পড়ুন
প্রাথমিক শুমারিতে রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির ইঙ্গিত, চূড়ান্ত ছবি স্পষ্ট হবে ফেব্রুয়ারির গণনায়
কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, রবিবার ছুটির দিন। তাই এই দিন মেট্রোর উপর চাপ থাকে কম। তাই এত গুরুত্বপূর্ণ রুটে নির্ধারিত রক্ষণাবেক্ষণের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রো সূত্রে খবর, রবিবার সন্ধে ৬টার মধ্যে রক্ষণাবেক্ষণের কাজ শেষ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হবে। ফলে রবিবার যাঁরা দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতার দিকে কিংবা উল্টো পথে মেট্রোয় যাতায়াতের পরিকল্পনা রয়েছে, তাঁদের কিছুটা সমস্যায় পড়তে হতে পারে।




