ওয়েব ডেস্ক: তরুণ প্রজন্মের ক্ষোভ, হতাশা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগকে আর উপেক্ষা করতে চাইছে না রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএস। বেকারত্ব, পরীক্ষায় প্রশ্নফাঁস, শিক্ষা ব্যবস্থার ত্রুটি এবং সামাজিক মাধ্যমে নতুন প্রজন্মের ক্রমবর্ধমান সক্রিয়তা—সবকিছুকেই গুরুত্ব দিয়ে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা করছে সঙ্ঘ।
আগামী ২ থেকে ৪ নভেম্বর মধ্যপ্রদেশের ইন্দোরে আরএসএসের অখিল ভারতীয় কার্যকারী মণ্ডলের তিন দিনের বৈঠকে এই বিষয়গুলি বিশেষ গুরুত্ব পেতে চলেছে।
সঙ্ঘ সূত্রে খবর, বর্তমান প্রজন্মের রাজনৈতিক চিন্তাভাবনা ও আন্দোলনের ধরন দ্রুত বদলাচ্ছে। প্রচলিত সাংগঠনিক কাঠামোর বাইরে সামাজিক মাধ্যমকে কেন্দ্র করে গড়ে উঠছে তাদের মতামত ও প্রতিবাদের ভাষা। এই পরিস্থিতিতে তরুণদের বোঝানো নয়, বরং তাঁদের কথা শোনা এবং তাঁদের সঙ্গে ধারাবাহিক সংলাপ গড়ে তোলার উপর জোর দিতে চাইছে আরএসএস।
আরও পড়ুন:
‘পরিস্থিতি বদলেছে’, ভোট পরবর্তী হিং*সার মামলা বাংলাতেই চালাতে চায় সিবিআই
এক প্রবীণ সঙ্ঘ নেতার বক্তব্য, তরুণদের উদ্বেগ বাস্তব। বেকারত্ব কিংবা পরীক্ষাব্যবস্থার অনিয়ম নিয়ে তাঁদের প্রশ্নকে স্বীকার করে সমাধানের পথ খুঁজতে হবে। সঙ্ঘের দাবি, ৮৮ হাজারেরও বেশি শাখায় অংশগ্রহণকারীদের প্রায় ৬০ শতাংশই তরুণ। শতবর্ষ উদ্যাপনের কর্মসূচিতে আয়োজিত যুব সম্মেলনগুলিতে ৩৯ লক্ষ ২৫ হাজার তরুণ অংশ নিয়েছেন বলেও জানিয়েছেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত।
বৈঠকে মাদকাসক্তি, নতুন সংবাদমাধ্যমের বিষয়বস্তু এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের সম্ভাবনাও আলোচনায় আসবে।




