ওয়েব ডেস্ক: কলকাতা বিমান বন্দরে ফের বোমাতঙ্ক। ফুকেট থেকে কলকাতাগামী বিমানের শৌচালয়ের আয়নায় লেখা বোমা আছে। এই দেখেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিমানে।
শনিবার কলকাতাগামী বিমানে শৌচালয় পরিষ্কার করতে গিয়ে আতঙ্কিত হয়ে পড়েন ক্রু-রা। তাঁরাই দেখতে পান আয়নায় লেখা রয়েছে বিমানে বোমা রয়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি পাইলট এবং বিমানবন্দরের নিরাপত্তা আধিকারিকদের জানানো হয়। তারপরেই মুহূর্তের মধ্যে বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের নিরাপদে নামিয়ে তল্লাশি শুরু করে বিমানে। CISF, বম্ব স্কোয়াড এবং এয়ারপোর্ট পুলিশ তল্লাশি চালায় গোটা বিমানে।
দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরে সন্দেহজনক কিছু উদ্ধার করা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আতঙ্ক ছড়ানোর জন্য এই লেখা হয়েছে। কিন্তু কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে। শুক্রবার বিমানবন্দরের মহিলা ওয়াশরুমে ২৩ নম্বর গেটে বোমা রাখার হুমকি চিরকুট পাওয়া গিয়েছিল। পরপর দু’দিন বোমাতঙ্কে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।




