কলকাতা: কলকাতা ও হাওড়ার আসন্ন পুরসভা নির্বাচন। অন্যদিকে শনিবার বিকেলে ৪টের সময় কলকাতার কলেজ স্ট্রিটে প্রতিবাদ কর্মসূচীতে নামবে ককরোচরা। পুরভোট আসছে বলেই কি সিজেপির তৎপরতা কলকাতায়! এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ জানানা, পুরভোটে এইসব করে কোন লাভ হয় না। একটা ভ্যাকেন্সি তৈরি হয়েছে রাজনীতির। সেটাকে নেওয়ার চেষ্টা করছে সবাই। সে কমিউনিস্ট হোক বা ওরা সিজেপি হোক। দরকার হলে সবাই একসঙ্গে মিলে যাবে, যেটা দিল্লিতে হয়েছে। কিন্তু মানুষ সবার চরিত্র জানে। তারা পরীক্ষা না করে কাজের সুযোগ দেবেন না।
রাহুল গান্ধীর রাজনৈতিক সক্রিয়তা এবং সিজেপি-র আন্দোলন নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধীকে নিশানা করে দিলীপ ঘোষ বলেন, তাঁর রাজনীতি বা নির্বাচনী সাফল্য নিয়ে কোনও আলোচনা হয় না, বরং চর্চা সীমাবদ্ধ থাকে কেবল তাঁর বিদেশযাত্রা ঘিরেই। একই সঙ্গে সিজেপি-র ব্যানারে চলা বিক্ষোভ প্রসঙ্গেও কড়া বার্তা দেন তিনি। কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “রাহুল গান্ধীকে নিয়ে যখনই কোনও কথা ওঠে, তখন শুধুই আলোচনা হয় তিনি কেন বিদেশে গেলেন, কখন গেলেন, কোথায় গেলেন এবং কবে ফিরবেন—এইটুকুই হলো তাঁর পরিসর। রাজনীতিতে উনি আসলে কী করছেন, দেশের ক্ষেত্রে তাঁর অবদান কী অথবা তাঁর দলের নির্বাচনী পারফরম্যান্স কেমন—তা নিয়ে কোথাও কোনও আলোচনাই হয় না কেন?”সিজেপি-র আন্দোলন ও কর্মসূচি প্রসঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনও সংগঠনের নাম ভাঙিয়ে যথেচ্ছাচার বরদাস্ত করা হবে না। তিনি বলেন, “কিছু মানুষ ভাবছেন সিজেপি-র ব্যানার হাতে নিলেই বুঝি যা খুশি তাই করা যায়। কাউকে এমন ছাড় দেওয়া হয়নি। দেশ আইন ও সংবিধান মেনে চলে, এটি একটি গণতান্ত্রিক দেশ।
সিজেপির আন্দোলনের ফান্ডিং প্রসঙ্গে দিলীপ জানান, দেখুন মানে যখন দিল্লিতে চলছিল এইসব; তখন কলকাতায় প্রস্তুতি চলছিল। বহু টাকা এসেছে। কার হাত দিয়ে টাকা এসেছে সব জানে, সরকারের কাছে খবরও আছে। বেশি বাড়াবাড়ি করলে তার রাস্তা খোলা আছে। জেলের দিকে যাওয়ার। তো সেজন্য উৎপাত করে কেউ কিছু করতে পারবে না। আমি জানি যখন আপ পার্টি তৈরি হলো সারা বাংলায় অন্যান্য রাজ্যেও খুব উৎপাত হয়েছিল। কিছু লোক থাকে সুযোগ সন্ধানে ঝাঁপিয়ে পড়ে। কারণ টাকা পয়সা প্রচুর পায়। তাতে কিছু হয়নি। তারা তলিয়ে গেছে। এরাও যেটা করতে চাইছে এখানকার মানুষ কিছুতেই এটা সহ্য করবে না। এই ধরনের উৎপাত সরকারও সহ্য করবে না।




