পুজো মিটতেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ৭০ দিনের বিশেষ আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে বিমা, পেনশন এবং কৃষিঋণের আবেদন—একাধিক পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ শুরু হয়েছে। চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা দফতরের উদ্যোগে দেশজুড়ে এই কর্মসূচির আওতায় ব্যাঙ্কিং পরিষেবার বাইরে থাকা যোগ্য মানুষদের আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
রাজ্যে স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির সমন্বয়ে বিভিন্ন ব্যাঙ্ক, জেলা প্রশাসন, গ্রাম পঞ্চায়েত ও পুরসভার সহযোগিতায় শিবিরগুলি পরিচালিত হবে। যাঁদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাঁরা প্রধানমন্ত্রী জনধন যোজনায় অ্যাকাউন্ট খোলার সুযোগ পাবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এবং অটল পেনশন যোজনায় নাম নথিভুক্ত করা যাবে।
শুধু নতুন অ্যাকাউন্ট বা প্রকল্পে নাম নথিভুক্ত করাই নয়, পুরনো অ্যাকাউন্টের রি-কেওয়াইসি, আধারের সঙ্গে সংযোগ, সেন্ট্রাল কেওয়াইসি সংক্রান্ত কাজ এবং নমিনির তথ্য সংশোধনের ব্যবস্থাও থাকছে। দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকা ব্যাঙ্কিং সংক্রান্ত কাজগুলি মেটানোর সুযোগ পাবেন গ্রাহকেরা।
কৃষকদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। যোগ্য প্রধানমন্ত্রী-কিষাণ উপভোক্তাদের কাছ থেকে কিষান ক্রেডিট কার্ডের আবেদন নেওয়া হবে। পাশাপাশি আসন্ন রবি মরসুমের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় নাম নথিভুক্ত করার সুযোগ থাকবে।
কর্মসূচিতে ডিজিটাল লেনদেনে প্রতারণা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং দাবিহীন আর্থিক সম্পদ সম্পর্কে তথ্য দেওয়ার উপরেও জোর দেওয়া হচ্ছে। বিশেষভাবে দুর্বল আদিবাসী গোষ্ঠীর পরিবারগুলিকে ব্যাঙ্কিং পরিষেবার আওতায় আনার দিকেও নজর রয়েছে।
এই উদ্যোগের সাফল্য নির্ভর করবে কতগুলি শিবির আয়োজিত হল, তার পাশাপাশি কত জন যোগ্য মানুষ বাস্তবে পরিষেবা পেলেন, তার উপরেও।




