কলকাতা: আজ বুধবার, বিজয়া দশমী। বাঙালির ঘরে ঘরে আজ উমাকে বিদায় জানানোর বিষণ্ণতা। কিন্তু যতক্ষণ বাড়িতে রয়েছে বাড়ির মেয়ে, ততক্ষণ উৎসব যেন শেষ হয় না।

উপলক্ষে দক্ষিণ কলকাতার মুদিয়ালিতে আয়োজন করা হয়েছে দেবীবরণের। সকাল ১০টা থেকে শুরু হয় এই বিশেষ অনুষ্ঠান। দেবীবরণকে ঘিরে ধামসা-মাদলের তালে উৎসবের আবহে মাতলো মুদিয়ালি সদস্যরা।

চার দিনের দুর্গোৎসবের শেষে সিঁদুর খেলা ও দেবীকে বিদায় জানানোর মধ্য দিয়ে সম্পন্ন হল বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। এবার সেই আনুষ্ঠানিকতার আবহে নিজেদের রাঙিয়ে নিলেন মুদিয়ালির সদস্যারা।

মানুষের মনে এখন বিষাদের সুর। আকাশ, বাতাসে ছেয়ে রয়েছে বিষণ্ণতার এক কালো মেঘ। ইচ্ছে না থাকলেও আজ উমাকে বিদায় জানাতেই হবে। উৎসবের পর ফিরতেই হবে স্বাভাবিক জীবনের ছন্দে।

দশমী শেষ হলেই শুরু হয় অপেক্ষা। আরও এক বছর ধরে বাঙালি শুরু করবে দিন গোনা। তাই আজ প্রত্যেকের মনে একটাই ভাষা গুনগুন করছে- ‘আবার এসো মা’।




