পুজো শুরু হতেই যেন বিপদের কালো মেঘ শহরবাসীকে ঘিরে ধরেছে। একের পর এক খারাপ খবর। চোরবাগানের পদপিষ্ঠের ঘটনার পরেই এবার অগ্নিকাণ্ডের খবর কলকাতায়। নবমীর ভোরে দক্ষিণ কলকাতার বাঘাযতীন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একাধিক দোকান। সূত্র মারফত জানা গিয়েছে, প্রথমে বাজারের একটি দোকানে আগুন লেগেছিল। এরপর দ্রুত তা আশপাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে।
আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দমকলের ১৫টি ইঞ্জিনকে ঘটনাস্থলে আসতে হয়। দীর্ঘ ৩ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় নেতাজি নগর থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলকেও। বাজারের বাকি অংশে যাতে আগুন ছড়িয়ে না পড়ে তার জন্য তৎপর ছিল দমকল কর্মীরা। জানা গিয়েছে, ভোর ৪টে নাগাদ বাঘাযতীন বাজারের ভিতরে থাকা একটি বাতাসার দোকানে আগুন লাগে। তবে কী ভাবে বা কী কারণে এই আগুন লাগল তার এখনও স্পষ্ট হয়নি। যদিও এই অগ্নিকাণ্ডে কোন হাতাহতের খবর নেই।
কিন্তু এই অগ্নিকাণ্ডের জেরে গড়িয়া থেকে যাদবপুরের সংযোগকারী রাস্তায় যানজটের সৃষ্টি হয় সকালে। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। পুজোর মরশুমে এত বড় ক্ষতিতে কান্নায় ভেঙে পড়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে রাজ্য সরকারের কাছে ব্যবসায়ীদের কাতর আবেদন আর্থিক সাহায্যের। স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়ার পরেও দেরিতে এসেছে দমকল।




