HomeBig Breakingমমতার উপর হামলা হয়নি! কালীঘাটের ঘটনায় কী জানালেন পুলিশ কমিশনার?

মমতার উপর হামলা হয়নি! কালীঘাটের ঘটনায় কী জানালেন পুলিশ কমিশনার?

‘তরুণীর বাবা পূর্বপরিচিত,’ দাবি কলকাতা পুলিশের

কলকাতা: মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাটে নিজের বাড়ির সামনেই হামলার শিকার হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  ঘটনাকে কেন্দ্র করে হুলুস্থুল পড়ে পুজোমুখী শহরে। তবে এই ঘটনাকে ‘হামলা’ বলে মানতে নারাজ কলকাতা পুলিশ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর কোনও হামলা হয়নি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পুলিশ কমিশনার অজয় নন্দা। তাঁর দাবি, মমতার সঙ্গে দেখা করতেই সেখানে এসেছিলেন ধৃত তরুণী অনুসূয়া সাহা। তাঁর বাবাও নাকি প্রাক্তন মুখ্যমন্ত্রীর পূর্বপরিচিত।

পুলিশ কমিশনারের বক্তব্য অনুযায়ী, অভিযুক্ত তরুণী একজন সিভিক ভলান্টিয়ার। তবে প্রায় এক বছর ধরে তিনি নিয়মিত নিজের দফতরে ডিউটিতে আসছিলেন না। কী কারণে তিনি মমতার বাড়ির সামনে হাজির হয়েছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা তাঁর আচরণ দেখে হামলার আশঙ্কা করেছিলেন বলে জানিয়েছেন কমিশনার।

ঠিক কী ঘটেছিল মঙ্গলবার? এদিন সন্ধ্যায় বাড়ির পাশের কালীঘাট মিলন সংঘের দুর্গাপুজোর মণ্ডপ উদ্বোধনে বেরিয়েছিলেন মমতা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সেই সময় নিজেকে মমতার ভাইঝি পরিচয় দিয়ে তাঁর কাছে পৌঁছন অনুসূয়া। তাঁকে ‘পিসি’ বলে সম্বোধন করে শাড়িতে টান দেওয়ার পাশাপাশি ঝাঁপিয়ে পড়ার চেষ্টার অভিযোগও ওঠে। নিরাপত্তারক্ষীরা তাঁকে আটক করেন।

পুলিশ সূত্রে খবর, তরুণীর কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার হয়েছে। তৃণমূল সাংসদ দোলা সেনের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments