HomeTop Newsজ্ঞানেশের অপসারণে চাপ বাড়ানোর ছক, রাহুলের বৈঠকে বিরোধীরা

জ্ঞানেশের অপসারণে চাপ বাড়ানোর ছক, রাহুলের বৈঠকে বিরোধীরা

দশেরার পর নতুন লড়াই!

জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কেন্দ্রের উপর চাপ বাড়াতে নতুন কর্মসূচির কৌশল স্থির করল বিরোধী শিবির। মঙ্গলবার রাহুল গান্ধীর বাসভবনে ‘ইন্ডিয়া’ জোটের নেতা, ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের চা-চক্রে আন্দোলনের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে রাহুল জানান, গণতন্ত্র রক্ষার আন্দোলন থামবে না, বরং আরও জোরদার হবে। *তবে উৎসবের মরশুমে আপাতত প্রতিবাদ কর্মসূচিতে বিরতি। দশেরার পর ফের বৈঠকে বসে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করবেন বিরোধীরা।*

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিক্ষোভকে ‘বিরাট সাফল্য’ বলে দাবি করেন। তাঁর বক্তব্য, মোদি সরকার ও কথিত ‘ভোট চুরি’র বিরুদ্ধে লড়াই চলবে।

তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষের অভিযোগ, জ্ঞানেশ কুমার পদে থাকলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাঁকে অপসারণ এবং তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজুর দাবিও জানান তিনি। এনসিপি-এসসিপি নেত্রী সুপ্রিয়া সুলে সংবিধান রক্ষার লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন। ভোট চুরির অভিযোগে সরব হন আরজেডি নেতা তেজস্বী যাদবও।

সিপিএম নেতা এম এ বেবির কটাক্ষ, সরকার প্রথমে ‘ভোট চুরি’ করেছে, এখন ‘প্রতিবাদস্থল চুরি’ করছে।

বৈঠকে উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু-সহ বিভিন্ন বিরোধী দলের নেতারা। এসআইআর প্রক্রিয়ায় ১৩ কোটিরও বেশি ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ তুলে তদন্তের দাবিও জানিয়ে আসছে বিরোধীরা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments