ওয়েব ডেস্ক: ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড বিতর্কে এবার সরাসরি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির কলকাতা পুলিশের বিশেষ দল। সোমবার দুপুরে কালীঘাট রোডের বাসভবনে পৌঁছে তাঁর হাতে নোটিস তুলে দেন শেকসপিয়র সরণি থানার তদন্তকারী আধিকারিকরা।
ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে পুরসভার কর্মীদের সঙ্গে অভিষেকের অনুগামীদের ধস্তাধস্তির ঘটনায় তিনটি এফআইআর দায়ের হয়েছে। এর আগে পুলিশের তলবে হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছিলেন অভিষেক। গত রবিবার নতুন করে নোটিস দিয়ে সোমবার সকাল ১০টায় তাঁকে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এত কম সময়ের নোটিসে হাজিরা দেওয়া সম্ভব নয় জানিয়ে পুলিশকে ইমেল করেন অভিষেক। তাঁর দাবি, সংসদীয় কর্মসূচির কারণে হাজিরার জন্য অন্তত ৪৮ ঘণ্টা সময় প্রয়োজন। তদন্তে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
তবে সেই সময়সীমা দেওয়ার আগেই সোমবার তাঁর বাড়িতে পৌঁছে যায় পুলিশ। প্রায় ৫০ মিনিট অপেক্ষার পর তদন্তকারীরা বাড়ির ভিতরে গিয়ে নোটিস দেন। এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।




