ওয়েব ডেস্ক : ট্রেনে যাতায়াতের সময় ভাল খাবার পাওয়ার আশা করেন প্রায় সব যাত্রী রা। কিন্তু খাবারের গুণগতমান ও পরিচ্ছন্নতা নিয়ে বারবার অভিযোগ উঠেছে ভারতীয় রেলের বিরুদ্ধে। সেই অভিযোগের কথা মাথায় রেখেই এবার খাবারের মেনু ছোট করার সিদ্ধান্ত নিয়েছে IRCTC।
প্রাথমিকভাবে দেশের তিনটি বন্দে ভারত স্লিপার রুটে এই নতুন মেনু চালু করা হয়েছে রেল সূত্রের খবর। ট্রেনের তালিকায় রয়েছে মুম্বই-বেঙ্গালুরু, হাওড়া-কামাখ্যা এবং নয়াদিল্লি-বারাণসী জংশন রুট। এই তিনটি ট্রেনের যাত্রীদের প্রতিক্রিয়া খতিয়ে দেখছে IRCTC। পরীক্ষামূলক ব্যবস্থায় ইতিবাচক সাড়া পাওয়া গেলে ভবিষ্যতে অন্যান্য দূরপাল্লার ট্রেনেও এই নিয়ম চালু হতে পারে।
সকালের জল খাবারে যাত্রীরা তিনটি বিকল্পের মধ্যে থেকে একটি বেছে নিতে পারবেন। প্রথম বিকল্পে রয়েছে ইডলি ও বড়া ,সঙ্গে দেওয়া হবে সম্বর ও চাটনি। এ ছাড়াও রয়েছে পোহা এবং উপমা। আগে যাত্রী রা পেতেন স্যুপ, ডিমের অমলেট, অমলেট স্যান্ডউইচ এবং ভেজ স্যান্ডউইচ পেতেন জলখাবারে। পাশাপাশি মেনু থেকে বাদ গিয়েছে ঘোল বা ছাছ এবং চকোলেটও।
দুপুরের খাবারের মেনুতে এসেছে বড়সড় পরিবর্তন। নতুন ব্যবস্থায় যাত্রীদের দেওয়া হবে রুটি, ভাত, ডাল এবং একটি মূল পদ। নিরামিষ ও আমিষ, দু’ধরনের খাবারের বিকল্পই থাকছে। নিরামিষ খাবার বেছে নিলে পাওয়া যাবে একটি সবজির পদ। অন্যদিকে, আমিষ খাবারের ক্ষেত্রে থাকছে চিকেনের বিকল্প। অর্থাৎ, মূল খাবারের পদ সীমিত করা হয়েছে।
রাতের খাবারের মেনুও ছোট করা হয়েছে। ডিনারে থাকছে রুটি, ভাত, ডাল এবং একটি মূল পদ। যাত্রীরা নিজেদের পছন্দ অনুযায়ী নিরামিষ অথবা চিকেনের পদ বেছে নিতে পারবেন। আগে রাতের খাবারের সঙ্গে একাধিক সাইড ডিশ ও অতিরিক্ত খাবার দেওয়া হত। নতুন ব্যবস্থায় সেই তালিকা অনেকটাই সংক্ষিপ্ত।
আগে দুপুর ও রাতের খাবারের সঙ্গে শুকনো সবজি, দই, স্যালাড, আচার এবং মিষ্টির মতো একাধিক পদ দেওয়া হত। কিন্তু নতুন মেনুতে এই খাবারগুলি আর থাকছে না। ফলে খাবারের থালায় পদ সংখ্যা কমে যাচ্ছে।




