ওয়েব ডেস্ক : ছ’বছরের রাজনৈতিক দূরত্ব ঘুচিয়ে ফের এক মঞ্চে বিজেপি ও শিরোমণি অকালি দল। ২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে এনডিএতে ফিরে এল বিজেপির দীর্ঘদিনের পুরনো শরিক অকালি দল। দিল্লিতে বিজেপির সদর দফতরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অকালি দল সভাপতি সুখবীর সিং বাদলের হাত মেলানোর মধ্য দিয়ে ঘোষিত হল নতুন রাজনৈতিক সমীকরণ। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনও।
অমিত শাহ জানান, পাঞ্জাবের ১১৭টি বিধানসভা আসনেই একসঙ্গে লড়বে দুই দল। আসন সমঝোতার চূড়ান্ত হিসাব পরে স্থির হবে। তবে জোটে অকালি দলই বড় শরিকের ভূমিকা পালন করবে। জোট জিতলে মুখ্যমন্ত্রীর পদও পাবে অকালি দল। শাহের কথায়, বড় শরিকই সরকার পরিচালনার দায়িত্ব নেবে।
তবে অকালি দলের সমর্থন পেলেই বিজেপি সহজে ডিলিমিটেশন বিল পাস করিয়ে নিতে পারবে, এমন সিদ্ধান্তে পৌঁছনোর আগে সংসদের বর্তমান সংখ্যার হিসাব এবং সাংবিধানিক বাধ্যবাধকতা বুঝতে হবে। বর্তমানে লোকসভায় শিরোমণি অকালি দলের এক জন সাংসদ রয়েছেন, ভাতিন্ডার সাংসদ হরসিমরত কৌর বাদল। ফলে অকালি দলের এনডিএতে প্রত্যাবর্তনে শাসক জোটের শক্তি এক ভোট বাড়বে, বিশাল কোনও সংখ্যাগত পরিবর্তন হবে না।
দলবদলের ইতিহাসে অজানা অধ্যায়, প্রণবের একটি পরামর্শেই বদলে যায় বাংলার রাজনীতির গতিপথ
২০২০ সালের সেপ্টেম্বরে কেন্দ্রের তিনটি কৃষি আইনের প্রতিবাদে এনডিএ ছেড়েছিল অকালি দল। তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদলও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। কৃষকদের স্বার্থ উপেক্ষিত হওয়ার অভিযোগ তুলে ২৪ বছরের বিজেপি- অকালি জোটের অবসান ঘটিয়েছিল দলটি। পরে অবশ্য বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে কেন্দ্র।
এবার সেই পুরনো সম্পর্ক পুনরুজ্জীবিত করে পাঞ্জাবের ক্ষমতার লড়াইয়ে নামছে দুই দল। মাদক সমস্যা দূর করা, দুর্নীতি নিয়ন্ত্রণ, কৃষকদের সমস্যা সমাধান এবং রাজ্যের উন্নয়নকে যৌথ অগ্রাধিকার বলে জানিয়েছেন দুই নেতা। অমিত শাহের ঘোষণা, ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পাঞ্জাবকে মাদকমুক্ত করার লক্ষ্য নিয়েছে জোট।
২০২৭-এর নির্বাচনের আগে এই প্রত্যাবর্তন পাঞ্জাবের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল।




