ওয়েব ডেস্ক : চলতি বছরে জানুয়ারিতে দু’বার কলকাতায় প্রধানমন্ত্রী আসার কথা! এরই মাঝে যে কোনও একদিন শুরু হতে পারে সেক্টর ফাইভ থেকে নিউ গড়িয়া মেট্রো। আগামী জানুয়ারির ৭ ও ২৭ তারিখ কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই ট্রায়াল রান শেষ, শুরু অপেক্ষা।
নবান্নে সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে এবং প্রধান মন্ত্রীর সূচিতে বড় কোনও বদল না-হলে, জানুয়ারি মাসের ৭ এবং ২৭ তারিখ কলকাতায় আসবেন মোদি। এই দু’দিনের মধ্যে যে কোনও একদিন সেক্টর ফাইভ থেকে নিউ গড়িয়া পর্যন্ত পূর্ণাঙ্গ মেট্রো রুটের উদ্বোধন করতে পারেন মোদি।
আগামী ৭ জানুয়ারি থেকে কলকাতায় বসছে প্রবাসী বাঙালিদের সম্মেলন। তার উদ্বোধনে হাজির থাকার কথা প্রধানমন্ত্রীর। ২৭ জানুয়ারি গ্লোবাল এনার্জি সামিট অনুষ্ঠিত হবে কলকাতায়। যেখানে যোগ দেবেন ৮০টি দেশের প্রতিনিধিত্ব। নবান্ন সূত্রে খবর, মেট্রো কর্তৃপক্ষ এবং প্রধানমন্ত্রীর সচিবালয়ের সঙ্গে সমন্বয় করে যে কোনও একদিন বহু প্রতীক্ষিত মেট্রো রুটের সূচনা হতে পারে।
গত সপ্তাহেই দিল্লি গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেল মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন, রাজ্য সরকার চায় প্রধানমন্ত্রীর হাত দিয়েই মেট্রোর সূচনা হোক। শুভেন্দুর ব্যাখ্যা ছিল, “২০১৪ সাল থেকে কলকাতা মেট্রোর সম্প্রসারণের জন্য মোদীজিই ধাপে ধাপে ১০ হাজার কোটি টাকার বেশি দিয়েছেন।” চিংড়িঘাটার জটের জন্য থমকে ছিল মেট্রোর কাজ। মামলা-মোকদ্দমা করেও সেই জট কাটেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সময়ে। ফলে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত খাপছাড়া ভাবে মেট্রো চলছে। দেখা যায় মে মাসে সরকার পরিবর্তন হতেই চিংড়িঘাটার জট কেটে যায়। ৯ মে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন শুভেন্দু। তার এক সপ্তাহের মধ্যেই ১২০ ঘণ্টার মধ্যে চিংড়িঘাটা অংশের কাজ শেষ করে ফেলেন মেট্রো কর্তৃপক্ষ।
একসময় শোনা গিয়েছিল, নভেম্বরে প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফরের সময়েই মেট্রোর উদ্বোধন হতে পারে। যদিও গত ২১ তারিখ প্রধানমন্ত্রী রাজ্যে এলেও তাঁর কর্মসূচি সীমাবদ্ধ ছিল খড়্গপুর আইআইটিতেই। জানুয়ারিতে শেষ পর্যন্ত মেট্রো রুট খুলে গেলে উপকৃত হবেন হাজার হাজার মানুষ। শুধু তা-ই নয়, অফিসের সময়ে ইএম বাইপাসের বিস্তীর্ণ অংশে যানজটে একলপ্তে অনেকটাই কমে যাবে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।




