ওয়েব ডেস্ক: ট্রেন দেরিতে চলায় ফ্লাইট মিস করেছিলেন এক দম্পতি। সেই ভোগান্তির মাশুল এবার দিতে হবে রেলকে। জম্মুর ক্রেতা সুরক্ষা কমিশন রেলকে ৬৩,১৯৯ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। আদেশের প্রতিলিপি পাওয়ার ৬ সপ্তাহের মধ্যে এই টাকা মিটিয়ে দিতে হবে। মামলাটি করেছিলেন জম্মুর বাসিন্দা মোহিত সিং ভাউ এবং তাঁর স্ত্রী দামিনী বিলোরিয়া। ২০২২ সালের ১৯ ডিসেম্বর তাঁরা জম্মু থেকে দুরন্ত এক্সপ্রেসে দিল্লির উদ্দেশে রওনা দেন।
পরিকল্পনা ছিল, দিল্লি থেকে বিমানে গুয়াহাটি যাবেন। ২০ ডিসেম্বর ভোর ৩টে ৫৫ মিনিটে দিল্লি পৌঁছনোর কথা ছিল। কিন্তু ট্রেন প্রায় চার ঘণ্টা দেরি করে সকাল ৭টা ৫০ মিনিটে পৌঁছয়। অথচ তাঁদের ফ্লাইট ছিল সকাল ৭টা ১৫ মিনিটে।ফ্লাইট মিস হওয়ায় নতুন করে টিকিট কাটতে তাঁদের খরচ হয় ৩৫,৬৯৯ টাকা। দিল্লিতে হোটেলে থাকতে আরও ২,৫০০ টাকা খরচ হয়। এরপরই তাঁরা ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হন।
শুনানিতে রেলের দাবি ছিল, ঘন কুয়াশার কারণে ট্রেন দেরি হয়েছিল। এটি প্রাকৃতিক ঘটনা, রেলের দায় নেই। কিন্তু আদালত জানায়, কুয়াশার পক্ষে রেল কোনও তথ্যপ্রমাণ দিতে পারেনি। শুধু মুখের কথায় দায় এড়ানো যাবে না। আদালতের নির্দেশ অনুযায়ী, টিকিট ও হোটেল বাবদ ৩৮,১৯৯ টাকার সঙ্গে ৭.৫ শতাংশ হারে সুদ দিতে হবে। এছাড়া মানসিক যন্ত্রণার জন্য ২০,০০০ টাকা এবং মামলার খরচ বাবদ ৫,০০০ টাকা দিতে হবে রেলকে।
এই রায়ের পর একটা বিষয় পরিষ্কার হয়ে গেল — ট্রেন দেরি হলে শুধু দুঃখ প্রকাশ করলেই হবে না, যাত্রীর ক্ষতির দায়ও নিতে হবে রেলকে।আদালতের এই নির্দেশ সাধারণ যাত্রীদের জন্য বড় স্বস্তির। কারণ অনেক সময়ই ট্রেন লেটের জন্য ফ্লাইট, পরীক্ষা বা জরুরি কাজ মিস হয়ে যায়, কিন্তু ক্ষতিপূরণ পাওয়া যায় না। এবার থেকে রেলকে প্রমাণ দিয়ে দেখাতে হবে, কেন ট্রেন দেরি হয়েছে। শুধু কুয়াশার অজুহাত দিলে চলবে না।




