ওয়েব ডেস্ক : উত্তরবঙ্গের মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও’ কর্মসূচিতে যোগ দিয়ে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে পরিবারতন্ত্র, অনুপ্রবেশকারীদের মদত এবং বিরোধী জোটের রাজনীতি নিয়ে সরব হন তিনি। বিশেষ করে অভিষেককে উদ্দেশ্য করে তাঁর মন্তব্য, ‘আরে ভাই, ভাইপো ভাইপো করছেন কেন? সময় হয়নি। যখন সময় হবে, তখন দেখে নেবেন।’
শিলিগুড়ির সভামঞ্চ থেকে শুভেন্দুর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। তাঁর বক্তব্য, বর্তমান সরকার শাহজাহান থেকে জাহাঙ্গির খান—কাউকেই ছাড়েনি। আইন মেনেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়কেও ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে আক্রমণ করেন শুভেন্দু। কংগ্রেসের গান্ধী পরিবারকে চার প্রজন্মের রাজনীতি হিসেবে তুলে ধরে তৃণমূলের মমতা-অভিষেক জুটিকে ‘২জি’ বলে কটাক্ষ করেন তিনি। তাঁর অভিযোগ, বাংলায় পরিবারতন্ত্রের রাজনীতি চালাচ্ছেন মমতা ও অভিষেক।
মেঘলা আকাশ, সঙ্গে বৃষ্টির ভ্রুকুটি! বুধবার কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সভায় মমতার উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের রক্ষা করার অভিযোগ আনেন শুভেন্দু। তাঁর বক্তব্য, কেন্দ্র ও নির্বাচন কমিশন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে, অথচ বিরোধীরা তার বিরোধিতা করছে।
পাশাপাশি কলকাতা, হাওড়া ও শিলিগুড়ির পুরসভা নির্বাচনে বিজেপির জয়ের প্রত্যয়ও ঘোষণা করেন তিনি।




