ওয়েব ডেস্ক : ফের বৃষ্টি রাজ্যে। বুধবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। মঙ্গলবার থেকেই শহরের আকাশ কালো মেঘাচ্ছন্ন। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, কলকাতা শহরেও আজ দিনভর বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতার পাশাপাশি হাওড়া ও হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,বীরভূম, নদীয়া ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
রাজ্যে কবে থেকে শীতের বাতাবরণ শুরু হবে সে বিষয় এখনও স্পষ্ট করে কিছু বলে নি আবহাওয়া দপ্তর। তবে অনুমান করা হচ্ছে চলতি সপ্তাহের শেষ দিকে তাপমাত্রার পতন ঘটতে পারে। কালীপুজোর আগে থেকেই রাতের দিকে হালকা শীতের শিরশিরানি অনুভূত হতে পারে। কালীপুজোর দিন রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাসও দিয়ে রেখেছে হাওয়া অফিস।




