ওয়েব ডেস্ক: নভেম্বরের মাঝামাঝি আমেরিকা সফরে যাচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আগামী ১৬ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত তাঁর এই সফরে কলম্বিয়া ও শিকাগো যাওয়ার কর্মসূচি রয়েছে। দু’টি পৃথক আলোচনা সভায় যোগ দেওয়ার কথা কংগ্রেস নেতার। সেখানে আন্তর্জাতিক ছাত্র আন্দোলন এবং বিশ্ব- রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন তিনি।
১৭ নভেম্বর কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম আলোচনাসভাটি হবে। সেখানে বিশ্বজুড়ে ছাত্র আন্দোলনের ক্রমবর্ধমান প্রভাব, তার রাজনৈতিক তাৎপর্য এবং গণতন্ত্রের উপর সেই আন্দোলনের প্রভাব নিয়ে আলোচনা করবেন রাহুল। ছাত্রছাত্রীদের শিক্ষা, কর্মসংস্থান, অর্থনীতি ও পরিবেশ সংক্রান্ত দাবিদাওয়া এবং এই বিষয়গুলিতে তরুণ প্রজন্মের ভাবনাও আলোচনায় উঠে আসতে পারে। ভারতীয় রাজনীতিতে ছাত্র আন্দোলনের প্রভাব নিয়েও কথা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর পর ১৮ নভেম্বর শিকাগো বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় আলোচনাসভায় অংশ নেবেন তিনি। সেখানে আন্তর্জাতিক সম্পর্ক ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশিষ্ট অধ্যাপক রবার্ট পেপের সঙ্গে কথোপকথনে অংশ নেবেন লোকসভার বিরোধী দলনেতা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, ইরান যুদ্ধ এবং আন্তর্জাতিক রাজনীতির সাম্প্রতিক গতিপ্রকৃতি আলোচনায় গুরুত্ব পেতে পারে।
আরও পড়ুন:
বিশ্বজুড়ে ভারতীয়দের মিলনমঞ্চ, বাংলার শ্রেষ্ঠত্ব প্রমাণের চ্যালেঞ্জ নিলেন শুভেন্দু
এই সফরের কর্মসূচি সম্পর্কে জানিয়েছেন কংগ্রেসের আন্তর্জাতিক শাখার প্রধান স্যাম পিত্রোদা। তাঁর দাবি, বিশ্ববিদ্যালয় দু’টির আমন্ত্রণেই মূলত রাহুলের এই সফর। বড় কোনও প্রবাসী ভারতীয় সমাবেশের পরিকল্পনা নেই।
অন্যদিকে, রাহুলের বিদেশ সফর নিয়ে বিজেপি প্রশ্ন তুলেছে। বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী জানতে চেয়েছেন, রাহুল পড়ুয়াদের সঙ্গে কথা বলতে যাচ্ছেন, নাকি ভারতবিরোধী শক্তির সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছেন। পাল্টা পিত্রোদা এই সমালোচনাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে দেশের অভ্যন্তরীণ বিষয়গুলিও অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই বিদেশের মাটিতে ভারতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা অনুচিত নয়।
