কলকাতা: আন্তর্জাতিক মঞ্চে বাংলার পরিচিতি আরও উজ্জ্বল করার সুযোগ। ২০২৭ সালের প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন আয়োজনের দায়িত্ব পেয়েছে পশ্চিমবঙ্গ। কলকাতায় এই প্রথম বসতে চলেছে এই আন্তর্জাতিক সম্মেলনের আসর। সেই আয়োজনকে দেশের সেরা করে তোলার প্রত্যয় ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সম্মেলনের সরকারি ওয়েবসাইট উদ্বোধন করে এমনই বার্তা দিলেন তিনি।
আগামী ৭ থেকে ৯ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে ১৯তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন। বিদেশ মন্ত্রক এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভারতীয় বংশোদ্ভূত মানুষ, শিল্পোদ্যোগী, পেশাদার, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মেলনের উদ্বোধন করবেন। সমাপ্তি অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রবাসী ভারতীয় সম্মান প্রদান করবেন।
শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গকে এই সম্মেলনের জন্য বেছে নেওয়ায় বাংলা গর্বিত। প্রধানমন্ত্রী মোদির দেখানো পথ ও মন্ত্র অনুসরণ করেই আয়োজনকে সফল করার লক্ষ্যে এগোচ্ছে রাজ্য। তাঁর কথায়, এই সম্মেলনকে দেশের সেরা করে তুলতে চায় পশ্চিমবঙ্গ সরকার। প্রস্তুতি চলছে মিশন মোডে। বিদেশে বসবাসকারী ভারতীয়দের বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও আতিথেয়তার সঙ্গে পরিচিত করানোর আহ্বানও জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
ডেঙ্গির বিরুদ্ধে লড়াইয়ে বাংলার মডেলেই ভরসা খুঁজছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কলকাতার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তাঁর বক্তব্য, প্রবাসী ভারতীয়দের ইতিহাসের সঙ্গে এই শহরের গভীর যোগ রয়েছে। অতীতে কলকাতা থেকেই বহু ভারতীয় মরিশাস, ফিজি ও ক্যারিবীয় অঞ্চলে পাড়ি দিয়েছিলেন।
সম্মেলনের থিম ‘From Roots to Return: Reigniting the Diaspora Connect with Bharat’। নতুন ওয়েবসাইটে নিবন্ধন, থাকার ব্যবস্থা, যাতায়াত, অনুষ্ঠানসূচি এবং পর্যটন সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
