ওয়েব ডেস্কঃ উৎসবের শহরকে শুধু আলোয় নয়, সুবাসেও সাজানোর উদ্যোগ কলকাতা পুরসভার। ছটপুজো উপলক্ষে শহরের বিভিন্ন রাস্তায় জলীয় কুয়াশার সঙ্গে মেশানো হবে গোলাপজল। বিশেষ মিস্ট ক্যাননের মাধ্যমে সেই জল ছেটানো হবে শহরের বিভিন্ন এলাকায়। একদিকে বাতাসের ধূলিকণা নিয়ন্ত্রণ, অন্যদিকে উৎসবের আবহে মনোরম সুবাস ছড়ানো—দুই লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।
রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালের ঘোষণা অনুযায়ী, কলকাতা পুরসভা ইতিমধ্যেই শহরের বিভিন্ন এলাকায় নিয়মিত জলীয় কুয়াশা ছেটানোর কাজ করছে। বিশেষ করে যে সমস্ত এলাকায় বাতাসের গুণমান সূচক বা AQI তুলনামূলক বেশি, সেখানে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবার উৎসবের দিনগুলিতে সেই জলের সঙ্গে মেশানো হবে গোলাপজল। ছটপুজোর চার দিনও এই বিশেষ ব্যবস্থা কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
পুরসভা কমিশনার স্মিতা পাণ্ডে এ বিষয়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। ছটপুজোর ঘাট ও সংলগ্ন এলাকায় এই বিশেষ স্প্রে চালানোর ব্যবস্থা করা হবে। এর ফলে বাতাসে ভাসমান ধূলিকণা কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে প্রশাসনের আশা। পাশাপাশি গোলাপজলের সুবাসে উৎসবের পরিবেশও হয়ে উঠবে আরও মনোরম।
তবে এই উদ্যোগ নিয়ে পরিবেশবিদদের একাংশের সংশয় রয়েছে। পরিবেশবিদদের বক্তব্য, গোলাপজল ছেটালে সাময়িকভাবে দুর্গন্ধ কমতে পারে, কিন্তু দূষণের উৎস নির্মূল হবে না। পুরনো ডিজেল-পেট্রলচালিত যান এবং রাস্তার ধারের কয়লার উনুনকে দূষণের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন তাঁরা। দূষণ মোকাবিলায় রাস্তা ধোয়া, পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার এবং ১০০টি ওয়াটার ক্যানন চালুরও প্রস্তাব দেওয়া হয়েছে ।অর্থাৎ গোলাপের সুবাসে শহরকে সাজানোর পাশাপাশি দূষণের স্থায়ী সমাধানের প্রশ্নটিও সামনে চলে এসেছে।
