Home Big Breaking বিরোধিতার মধ্যেও সৌজন্য, শুভেন্দুকে নিয়ে প্রিয়রঞ্জনের অজানা কাহিনি

বিরোধিতার মধ্যেও সৌজন্য, শুভেন্দুকে নিয়ে প্রিয়রঞ্জনের অজানা কাহিনি

0
বিরোধিতার মধ্যেও সৌজন্য, শুভেন্দুকে নিয়ে প্রিয়রঞ্জনের অজানা কাহিনি

কণাদ দাশগুপ্ত

রাজনীতির ময়দানে প্রতিপক্ষ মানেই শত্রু নয়। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর দক্ষতাকে স্বীকৃতি দেওয়ার বিরল নজির রেখেছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি।

২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনে মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর সাংগঠনিক দক্ষতা দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন প্রয়াত কংগ্রেস নেতা যে, তাঁর জন্য দিল্লিতে ফোন করে আনিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনী। প্রাক্তন বিরোধী দলনেতা আবদুল মান্নানের স্মৃতিকথায় উঠে এসেছে রাজনীতির সেই অন্য সময়ের গল্প।

আরও পড়ুন:

বইয়ের পাতায় রাজনৈতিক লড়াই, মোদি-শাহ জমানাকে কি চ্যালেঞ্জের বার্তা সোনিয়ার?

১৩ নভেম্বর প্রিয়রঞ্জনের জন্মদিন। সেই উপলক্ষে কলকাতায় রিজার্ভ ব্যাঙ্কের সামনে তাঁর পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করা হবে। প্রিয়রঞ্জনের তৈরি গণ সংস্কৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির থাকার কথা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংস্কৃতিক ও ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিদের। উপলক্ষে প্রকাশিত হচ্ছে বিশেষ স্মারক ‘প্রিয়-ভাষ’। তাতেই স্মৃতির পাতা উল্টেছেন আবদুল মান্নান।

আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বিমান বসু, শিশির অধিকারী, অধীর চৌধুরি, দীপা দাশমুন্সি, শুভঙ্কর সরকার, সৌগত রায় এবং শোভনদেব চট্টোপাধ্যায়। সম্প্রতি অমিতাভ চক্রবর্তী ও আবদুল মান্নান শিশির অধিকারীর সঙ্গে দেখা করে তাঁকে আমন্ত্রণ জানান। সেই আড্ডায় ফিরে আসে প্রিয়রঞ্জনের রাজনৈতিক দর্শনের প্রসঙ্গ। বিরোধী মতের মানুষকেও ব্যক্তিগত শত্রু ভাবতেন না তিনি। রাজনৈতিক বিরোধিতার মধ্যেও সম্পর্কের উষ্ণতা বজায় রাখার এই সংস্কৃতিই আজকের সংঘাতমুখর রাজনীতিতে বিশেষভাবে স্মরণীয়। স্মারক প্রকাশনায় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে লিখেছেন প্রাক্তন সাংসদ দেবপ্রসাদ রায়। লিখেছেন বিমান বসুও।