ওয়েব ডেস্ক: আজ মহাষষ্ঠী। বোধনের মাধ্যমে শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো। প্যাণ্ডেলে প্যাণ্ডেলে চলছে পুজোর প্রস্তুতি। মায়ের নিজের বাহন সিংহ হলেও মর্ত্যে যাতায়াত ভিন্নভাবে করা হয়। বাঙালির বিশ্বাস, প্রতিবছরই মায়ের আসা যাওয়ার বাহনের ওপরে নির্ভর করে অনেককিছুই। সেই কারণে মা কিসে আসছেন তা জানার জন্য অপেক্ষা করেন তাঁরা।
পঞ্জিকা মতে, সপ্তমীর দিনের ওপর নির্ভর করে মা কিসে আসবেন। চলতি বছর মা আসছেন ঘোড়ায়। ঘোড়ায় আগমনের ফল ছত্রভঙ্গ। অর্থাৎ ধ্বংসাত্মক। এই লক্ষণকে শুভ বলে মনে করা হয়না। বলা হয়, শস্যের ক্ষতি হয়। সকলের ওপরেই কিছুনা কিছু প্রভাব পড়ে। বলা হয়ে থাকে, সপ্তমী যদি রবি বা সোমবার হয়, মা আসেন হাতিতে। বৃহস্পতি বা শুক্রবার হলে দোলায় বা পালকিতে। বুধবার হলে নৌকায়। আর শনি বা মঙ্গলবার হলে আসেন ঘোড়ায়। এবার শনিবার সপ্তমী হওয়ায় ঘোড়ায় আসছেন মা।
অন্যদিকে, মায়ের দশমীর দিনের ওপর নির্ভর করে মা কিসে ফিরবেন। এবার মা ফিরবেন নৌকায়। এর অর্থ চারপাশ সবুজে ভরে উঠবে। মানুষের অনেক মনস্কামনা পূর্ণ হবে। তবে এর সঙ্গে প্রবল বৃষ্টি বা বন্যার আশঙ্কাও থেকে যায়। ফলে বন্যার একটা আশঙ্কা তৈরি হচ্ছে।




