HomeBig Breakingচোরবাগানে মর্মান্তিক মৃত্যু, ছাত্রীর পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, চাকরি, বাড়ি সহ একগুচ্ছ প্রতিশ্রুতি

চোরবাগানে মর্মান্তিক মৃত্যু, ছাত্রীর পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, চাকরি, বাড়ি সহ একগুচ্ছ প্রতিশ্রুতি

ফিরিয়ে দিতে তো পারব না, বাকি যা কর্তব্য, তা আমরা করব: শুভেন্দু অধিকারী

ওয়েব ডেস্ক: চোরবাগানে পদপিষ্ট হয়ে একাদশ শ্রেণির দুই ছাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃত তানিয়া বিশ্বাসের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক পীযূষ কানোডিয়া, জেলাশাসক, এসডিও এবং পুলিশ কমিশনার।

নিহত ছাত্রীর পরিবারকে আর্থিক সাহায্য, পরিবারের একজনকে চাকরি এবং আবাস যোজনায় বাড়ি দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, আয়ুষ্মান ভারতের আওতায় পরিবারটি না থাকায় মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য প্রকল্পের কার্ড করে দেওয়ার জন্য জেলাশাসককে নির্দেশ দেন তিনি।

মেয়ের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন তানিয়ার মা। তাঁর চিকিৎসার জন্য বাড়িতে স্বাস্থ্যকর্মী পাঠানোর নির্দেশ দিয়েছেন এসডিও-কে। মাকে শোক কাটিয়ে উঠতে সাহায্য করতে কোনও আইসিডিএস কেন্দ্র বা স্কুলে কাজের ব্যবস্থা করার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, মুর্শিদাবাদ থেকে আসা নিহত ছাত্রীর ভাইকে আরও দু’-তিন সপ্তাহ এলাকায় থাকার পরামর্শ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “পরিবারগুলো আমাদের খুবই আপনজন। সরকারের কিছু দায়িত্ব রয়েছে। ফিরিয়ে দিতে তো পারব না, বাকি যা কর্তব্য, তা আমরা করব।”

এদিন ‘রেজিম চেঞ্জ’ প্রসঙ্গে প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, দিল্লিতে সরকার বদলের জন্য একটি অভিযান চলছে, যেমন নেপাল ও বাংলাদেশে হয়েছে। তবে বাংলায় তা হবে না বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, “করতে হলে নির্বাচনের মাধ্যমে করতে হবে।” পাশাপাশি, বাংলায় গণতন্ত্র শক্তিশালী বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments