Homeকলকাতাউমার কৈলাসযাত্রার দূত নীলকণ্ঠ আজ বিপন্ন

উমার কৈলাসযাত্রার দূত নীলকণ্ঠ আজ বিপন্ন

হারিয়ে যাচ্ছে বিজয়ার এক প্রাচীন ঐতিহ্য

সঞ্চারী পূততুন্ড 

আজ অষ্টমী। নবমী পেরোলেই মন খারাপ। কৈলাসে ফিরবেন উমা। আবার এক বছরের অপেক্ষা। দুর্গা পুজোর বিজয়ার সঙ্গে নীলকন্ঠ পাখির একটা বিশেষ সম্পর্ক রয়েছে। এক সময়ে এই বিজয়ার দিন নীলকন্ঠ পাখি উড়িয়ে মাকে পরের বছর আসার জন্য আগাম নিমন্ত্রণ জানাতেন রাজারা। বলা হয়ে থাকে, নীলকন্ঠ পাখি নাকি কৈলাসের দূত। হিন্দুদের কাছে এই পাখির গুরুত্ব বিশেষ। জনশ্রুতি উমার ফিরে যাবার খবর পৌঁছে দেয় এই নীলকন্ঠ পাখি।

বর্তমানে এই নীলকন্ঠ পাখি ধরে রাখা আইনত অপরাধ। একটা সময় আশ্বিন মাস হলেই আকাশে দেখতে পাওয়া যেত এই পাখি, জমিতে সবুজ সোনার ফসল হাওয়ায় দোলা খেত, সেই খাবার দিয়েই পেটপুজো সেরে যাত্রা করত কৈলাসের উদ্দেশ্যে। সেই সময়ে জমিতে কীটনাশক প্রয়োগ সেই ভাবে হতো না। কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করা হয়। পাশাপাশি নীলকন্ঠ পাখির বাসস্থান পুরনো গাছপালা এখন আর দেখতে পাওয়া যায় না। নিজেদের খাদ্য ও বাসস্থান হারিয়ে এখন তারা অবলুপ্তির পথে! পুরনো প্রাচীন গাছই বা এখন কোথায়? হাতেগোনা সংখ্যায় থাকা সেই সব গাছেও আজকাল আর দেখতে পাওয়া যায় না। ফলে ধীরে ধীরে কমতে শুরু করেছে নীলকন্ঠ পাখির সংখ্যা।

বয়স্কদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করলে প্রায়ই শোনা যায় শরৎকাল মানেই নীলকন্ঠ পাখির আগমন। তারা আকাশে উড়ছে মানেই মা দুর্গা তার চার ছেলেমেয়েকে নিয়ে আসছেন পিতৃ গৃহে। আবার উমা যে কৈলাসে ফিরছেন সেই বার্তাও নিয়ে যেত এই নীলকন্ঠ পাখি। আগে দশমীর দিন প্রতিমা বিসর্জনের সময় নীলকন্ঠ পাখি ওড়ানো হতো। সেই সব দৃশ্য এখন অতীত তাই বহু জমিদার বাড়িতে এখন নীলকন্ঠ পাখির আদলে মাটির পাখি তৈরি করা হয়। বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন মানব সভ্যতা উন্নত হচ্ছে ঠিকই কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে কমছে পাখির সংখ্যা । খাবারের অভাব দেখা যাচ্ছে। জমিতে কীটনাশক ছড়িয়ে ফসল চাষ হচ্ছে স্বাভাবিকভাবেই ধীরে ধীরে কমে যাচ্ছে পাখিদের সংখ্যা। পাশাপাশি বাড়ছে চোরাকারবারিদের দৌরাত্ম। পুজোর সময় নীলকন্ঠ পাখির ধরার জন্য ফাঁদ পেতে রাখে চোরাশিকারীরা। এই পাখি এমনিতেই খুব কম দেখা যায়।
পুরানেও এই নীলকন্ঠ পাখির উল্লেখ রয়েছে। বলা হয়ে থাকে, রাবণকে বধ করার আগে, নীলকণ্ঠ পাখির দর্শন করেছিলেন রামচন্দ্র। সেই জন্যে এই পাখিকে শুভ বলে মনে করা হয়। অনেকের বিশ্বাস দশমীতে নীলকন্ঠ পাখির দর্শন ইচ্ছা পূরণ করে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments