ওয়েব ডেস্ক : স্টেডিয়াম থেকে মেডিক্যাল কলেজ, পার্ক থেকে ঘাট, রাস্তা থেকে দ্রুতগতির ট্রেন—এ বার সেই তালিকায় যুক্ত হতে চলেছে গঙ্গার উপর নির্মীয়মাণ একটি সেতুও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক সরকারি ও পরিকাঠামোগত প্রকল্পের নামকরণ হয়েছে। সেই ধারাবাহিকতায় উত্তরপ্রদেশের বারাণসীতে প্রায় ১২০০ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মাণ নতুন সেতুটির নাম রাখা হচ্ছে ‘নমো ব্রিজ’। সেতুর নির্মাণকাজ এবং কাশী রেলস্টেশন পরিদর্শনের পর এই ঘোষণা করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
গঙ্গার উপর নির্মীয়মাণ এই সেতুটি হবে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পরিকাঠামো। পরিকল্পনা অনুযায়ী, সেতুর উপরের স্তরে থাকবে ছয় লেনের সড়কপথ এবং নীচের স্তরে থাকবে চারটি রেললাইন। আগামী তিন বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কাশী রেলস্টেশনের সঙ্গেও যুক্ত হবে এই সেতু। এর ফলে যাত্রী চলাচল এবং রেল পরিষেবার সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
উল্লেখযোগ্য, বারাণসীতেই রয়েছে নমো ঘাট। আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের নাম বদলে হয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম। একই শহরে রয়েছে নরেন্দ্র মোদি মেডিক্যাল কলেজ। মহারাষ্ট্রের থানে শহরে রয়েছে নমো গ্র্যান্ড সেন্ট্রাল পার্ক। সিকিমে রয়েছে নরেন্দ্র মোদি মার্গ। দিল্লি-মিরাট রুটের দ্রুতগতির আঞ্চলিক ট্রেনের নামও ‘নমো ভারত’।
এ ছাড়াও ‘নমো’ নামটি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, প্রচারমূলক উদ্যোগ এবং ডিজিটাল পরিষেবায় ব্যবহৃত হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে একের পর এক যোগাযোগ ও নাগরিক পরিকাঠামোর উন্নয়নও বিশেষ গুরুত্ব পেয়েছে। নতুন সেতুটি চালু হলে গঙ্গার দুই পারের যোগাযোগ আরও সহজ হওয়ার পাশাপাশি রেল ও সড়ক পরিবহণের উপর চাপ কমানোর সুযোগ তৈরি হবে। প্রায় ১২০০ কোটি টাকার এই প্রকল্প তাই শুধু নামকরণের কারণেই নয়, বারাণসীর ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থার নিরিখেও তাৎপর্যপূর্ণ।




