ওয়েব ডেস্ক : শীতের শুরুতেই ভয়াবহ বায়ুদূষণের মোকাবিলায় একগুচ্ছ কড়া পদক্ষেপ করল দিল্লির বিজেপি সরকার। রবিবার, ১ নভেম্বর থেকে রাজধানীতে কার্যকর হয়েছে নতুন দূষণ নিয়ন্ত্রণ বিধি। এর আওতায় দিল্লির বাইরে নথিভুক্ত বিএস-৬ মানের নীচে থাকা পুরনো পেট্রল ও ডিজেল গাড়ির প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই বিধি চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। তবে বৈদ্যুতিক ও সিএনজি চালিত গাড়ি এবং জরুরি পরিষেবার যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
শুধু গাড়ি চলাচল নয়, অফিসের কাজকর্মেও বড়সড় পরিবর্তন আনা হয়েছে। সরকারি ও বেসরকারি সংস্থায় সর্বোচ্চ ৫০ শতাংশ কর্মী সশরীরে অফিসে আসতে পারবেন। বাকিদের বাড়ি থেকে কাজ করতে হবে। হাসপাতাল, বিদ্যুৎ, জল সরবরাহ, গণপরিবহণের মতো জরুরি পরিষেবা অবশ্য এই নিয়মের বাইরে। একই সঙ্গে ৩১ জানুয়ারি পর্যন্ত ধুলো তৈরি হয় এমন নির্মাণ ও ভাঙার কাজেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।
ডিএ নিয়ে টানাপড়েন অব্যাহত, মঙ্গলবার কী বার্তা দেবে সুপ্রিম কোর্ট!
এ ছাড়াও বৈধ দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র (পিইউসি) ছাড়া কোনও গাড়িকে জ্বালানি দেওয়া হবে না। বিভিন্ন পার্কিং লটে ফি দ্বিগুণ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। নিয়ম ভাঙলে নজরদারি ক্যামেরার মাধ্যমে ই-চালান কাটার ব্যবস্থা থাকছে।
কেন এত কড়াকড়ি? শীতকালে তাপমাত্রা কমা, বাতাসের গতি হ্রাস এবং দূষিত বাতাস আটকে থাকার কারণে দিল্লিতে দূষণের মাত্রা দ্রুত বাড়ে। সেই পরিস্থিতি সামাল দিতেই এই বিশেষ ব্যবস্থা।




