ওয়েব ডেস্কঃ চোখের সামনে মৃত্যু দেখেছিলেন অমিতাভ বচ্চন ! ভারতীয় সিনেমা জগতের মেগাস্টারের জীবনের অন্য তম বিপজ্জনক ঘটনার কথা এবার প্রকাশ্যে। দীর্ঘদিন ধরেই ‘কৌন বানেগা ক্রোড়পতি’ (KBC) অনুষ্ঠানের সঞ্চালক অমিতাভ। দেখতে দেখতে অষ্টাদশতম সিজন এসে গিয়েছে। তবে কিছুদিন ধরে নতুন পর্বের পরিবর্তে পুরনো পর্ব দেখানো হচ্ছিল। জানা গিয়েছিল, অসুস্থ ‘শোলে’র জয়। তবে সোমবার থেকে নতুন প্রতিযোগীদের নিয়ে এই অনুষ্ঠান আবার শুরু হতেই মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরার অভিজ্ঞতার কথা জানালেন অভিনেতা স্বয়ং।
বয়সকে তোয়াক্কা না করে এখনও চুটিয়ে কাজ করছেন অমিতাভ। তবে সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে চরিত্র বেছে নিচ্ছেন। পাশাপাশি রয়েছে রিয়ালিটি শোয়ের শ্যুটিং। সম্প্রতি নেপালে (Nepal ) একটি সিনেমার কাজ করতে গিয়ে কার্যত মৃত্যুর মুখে পড়েছিলেন বিগ বি। কেবিসি -১৮ ( KBC) চলাকালীন এক প্রতিযোগীর সঙ্গে কথোপকথনের মাঝে সেই বিপদজনক ঘটনার স্মৃতিচারণা করলেন তিনি। অমিতাভ জানান, প্রতিবেশী রাষ্ট্রে শ্যুটিং চলাকালীন এক ব্যক্তি তাঁকে নৌকো চড়ার অনুরোধ করেন। প্রথমে রাজি না হলেও পরবর্তীতে প্রস্তাবের সম্মতি প্রকাশ করেন এবং নৌকায় চড়ে বসেন বলিউডের মেগাস্টার।
এরপরই টের পান কত বড় ঝুঁকির মধ্যে পড়েছেন। কারণ নৌকা এতটা সরু ছিল যে তাতে উঠতে বেশ কষ্ট করতে হয় অভিনেতাকে। এরপর কিছুটা দূর যাওয়ার পরই নৌকো উল্টে যায়। জলের তলায় আটকে পড়েন অমিতাভ। তাঁকে আগেই বলা হয়েছিল এরকম কোন দুর্ঘটনার সম্মুখীন হলে হয় নৌকাটিকে সোজা করার চেষ্টা করতে হবে তা না হলে দুহাত তুলে অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। দ্বিতীয় পথটি বেছে নেন বর্ষীয়ান অভিনেতা। প্রথমে সাড়া মেলেনি, তবে শেষ পর্যন্ত ৩-৪ জন ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করেন।
অমিতাভ এই ঘটনার কথা উল্লেখ করে বলেন, দীর্ঘ সময় ধরে জলের তলায় শ্বাস আটকে রাখা সম্ভব ছিল না। একটা সময় পরিস্থিতি সত্যিই হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছিল। চোখের সামনে এভাবে মৃত্যুকে দেখতে পেয়ে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলেন শাহেনশা। তাঁর মুখে এই কথা শুনে অনুষ্ঠানে উপস্থিত সকলেই চমকে ওঠেন। ইতিমধ্যেই পর্বের ঐ অংশটুকু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আপাতত অমিতাভ সুস্থ আছেন এবং মন দিয়ে কেবিসি শ্যুটিং করছেন।




