কলকাতা: পশ্চিমবঙ্গকে শিল্পের নতুন গন্তব্য করে তোলার লক্ষ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে এবার আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নদিয়ার হরিণঘাটায় ক্যাম্পাকোলার কারখানা গড়তে চলেছে রিলায়েন্স গোষ্ঠী। আগামী ডিসেম্বরেই এই প্রকল্পের ভূমিপুজো হওয়ার কথা। তার পরেই শুরু হবে কারখানা নির্মাণের কাজ। রাজ্যে বিনিয়োগ টানা এবং কর্মসংস্থান তৈরির যে লক্ষ্য নিয়ে মুখ্যমন্ত্রী এগোচ্ছেন, এই প্রকল্পকে সেই উদ্যোগেরই একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
শুভেন্দু অধিকারী বারবার বুঝিয়ে দিয়েছেন, শুধু সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে বেকারত্বের সমস্যার সমাধান সম্ভব নয়। রাজ্যে ভারী শিল্প, বড় বিনিয়োগ এবং উৎপাদনমুখী কারখানা গড়ে তোলাই তাঁর সরকারের অন্যতম অগ্রাধিকার। সেই লক্ষ্যেই দেশি-বিদেশি শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ এবং বিনিয়োগের পরিবেশ তৈরিতে সক্রিয় হয়েছেন মুখ্যমন্ত্রী। হরিণঘাটার ক্যাম্পাকোলা প্রকল্প সেই কর্মতৎপরতারই প্রতিফলন।
আরও পড়ুন
এই কারখানা তৈরি হলে প্রত্যক্ষ কর্মসংস্থানের পাশাপাশি পরিবহণ, সরবরাহ, প্যাকেজিং এবং অন্যান্য পরিষেবা ক্ষেত্রেও কাজের সুযোগ তৈরি হতে পারে। উপকৃত হবেন স্থানীয় যুবক-যুবতী থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীরাও। পরিযায়ী শ্রমিকদের জন্যও খুলতে পারে কাজের নতুন দরজা।
শুধু হরিণঘাটাই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে শিল্প ও পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ চলছে। হলদিয়ায় শিল্পপ্রকল্প, হাসপাতাল নির্মাণ, সিঙ্গুরে শিল্পস্থাপনের উদ্যোগ এবং অশোক লে-ল্যান্ডের সঙ্গে কারখানা তৈরির আলোচনা সেই বৃহত্তর পরিকল্পনার অংশ। শুভেন্দুর লক্ষ্য স্পষ্ট—বাংলাকে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ দেওয়া এবং শিল্পের হাত ধরে কর্মসংস্থান বাড়ানো। ক্যাম্পাকোলার প্রকল্প সেই লক্ষ্যপূরণের পথে আরও এক আশাব্যঞ্জক পদক্ষেপ।




