নয়াদিল্লি: জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান জরুরি অবতরণ করল জয়পুর বিমান বন্দরে। এবার এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী বিমানে হাইজ্যাক আতঙ্ক ঘিরে ছড়াল জোর চাঞ্চল্য। একাধিক সূত্রে জানা যাচ্ছে ওই বিমান অপহরণের চেষ্টা হয়েছে। যদিও তদন্তকারীদের তরফে এই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।
জানা যাচ্ছে, বুধবার সকাল ৯টা ৫ নাগাদ আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল এয়ার ইন্ডিয়ার বিমান এআই ২০৩০ থেকে একটি জরুরি সতর্কবার্তা পায়। জানা গিয়েছে, AI-2030-র পাইলট কয়েক সেকেন্ডের জন্য স্কোয়াক-৭৫০০ কোড সংকেত করেছিলেন। এই কোডটি হাইজ্য়াকের সংক্রান্ত ঘটনার সঙ্গে যুক্ত। এই সংকেত দেখেই অ্যালার্ট হয়ে যায় সিকিউরিটির দায়িত্বে থাকা সংস্থাগুলি। এরপর দ্রুত ঘটনাস্থলে যায় জয়পুর পুলিশের বম্ব স্কোয়াড, দমকল বাহিনী ও জরুরি পরিষেবা প্রদানকারী দল। ঊর্ধ্বতন পুলিশ কর্তারাও বিমানবন্দরে পৌঁছেছেন।




