কলকাতা: বঙ্গ রাজনীতিতে নতুন ইনিংস মিঠুন চক্রবর্তীর।মিঠুন চক্রবর্তীকে রাজ্য সরকারের পরামর্শদাতা এবং তথ্য ও সংস্কৃতি দফতরের নয়া দায়িত্ব দেওয়া হল। এবার রাজ্য সরকারের সঙ্গে প্রশাসনিক ভূমিকাতেও যুক্ত হলেন। প্রবীণ অভিনেতাকে তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা করা হল। এই পদে তিনি ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা পাবেন।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একের পর এক সভা করে গিয়েছেন। বর্তমানে বিজেপির কেন্দ্রীয় সমিতির সদস্য তিনি। এবার মিঠুন চক্রবর্তীকে বিরাট দায়িত্ব দিলেন শুভেন্দু অধিকারী। তথ্যসংস্কৃতি দফতরের পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হল মিঠুনকে। এমনকি পূর্ণমন্ত্রী মর্যাদা বা ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে। গত ৬ অক্টোবর ২০২৬ এই সংক্রান্ত বিবৃতির জারি করেছে রাজ্যের IAS cell। বিজ্ঞপ্তি অনুযায়ী অবিলম্বে এই নিয়োগ কার্যকর হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বহাল থাকবে। রাজ্যপালের আদেশ এবং উপযুক্ত কর্তৃপক্ষ অনুমোদনের ভিত্তিতে এই নিয়োগ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের মুখ্যসচিব মনোজ কুমার আগারওয়ালের স্বাক্ষর রয়েছে এই বিজ্ঞপ্তিতে। তথ্য ও সংস্কৃতি দফতরের পরামর্শদাতা হিসেবে মিঠুন চক্রবর্তী কি দায়িত্ব পালন করবেন তা নিয়ে সকলের নজর রয়েছে। নতুন দায়িত্ব পাওয়ার পর মিঠুন চক্রবর্তী ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে। তিনি বলেন, বাংলার ইতিহাস ফেরানোর চেষ্টা করব, চেষ্টা করব সোনার বাংলা গড়ার।




