ওয়েব ডেস্ক: পুয়ের্তো রিকোতে বসল এবারের মিস ইউনিভার্সের আসর। আর ঘরের মাটিতেই মুকুট জিতে নিলেন ঘরের মেয়ে জেনিফার ব্যারেটো। ৭৫তম এই প্রতিযোগিতায় তাঁর মাথায় উঠল ৩,১৫০টি হিরে বসানো নতুন মুকুট ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লেগ্যাসি’। বিদায়ী সুন্দরী ফতিমা বশ নিজের হাতে তাঁকে মুকুট পরিয়ে দেন।
২০ বছর পর আবার এই খেতাব এল পুয়ের্তো রিকোতে। শেষবার ২০০৬ সালে জিতেছিল এই দেশ। এবারের আসরে প্রথম রানার আপ হয়েছেন ডমিনিকান রিপাবলিকের প্রতিযোগী, দ্বিতীয় রানার আপ ভেনেজুয়েলার। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে ফিলিপিন্স ও নিউজিল্যান্ডের সুন্দরী। তবে জেনিফারের জয় শুধু সৌন্দর্যের জয় নয়, লড়াইয়েরও জয়। তিনি বিবাহিত, সাত বছরের এক কন্যার মা। সংসার সামলে, মেয়েকে বড় করে তিনি প্রতিযোগিতার জন্য নিজেকে তৈরি করেছেন। এই যাত্রায় তিনি প্রায় ৩০ কেজি ওজন ঝরিয়েছেন ।পড়াশোনাতেও তিনি পিছিয়ে নেই, মনোবিজ্ঞান এবং ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কে দুটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁর। চূড়ান্ত পর্বে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, আজকের বিশ্ব তার নেতাদের কাছ থেকে কী চায়? জবাবে তিনি বলেন, বিশ্বের দরকার সহমর্মী ও দক্ষ নেতা, যিনি বিচার না করে মানুষের পাশে দাঁড়াবেন।
তবে বলে রাখা ভালো, এবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন কাজিয়া লিজ মেজো। তবে তিনি প্রথম বারোয় জায়গা করে নিতে পারেননি। ইভনিং গাউন রাউন্ডের আগেই ছিটকে যান তিনি।




