ওয়েব ডেস্ক : দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু) ১৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে আগামী রবিবার। সংস্কারের জন্য আবার এই পদক্ষেপ। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ নির্দেশিকা জারি করে জানিয়েছেন, রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
সূত্র মারফত জানা গিয়েছে, জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড দিয়ে যে সমস্ত গাড়ি আসবে, সেগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে ওই সমস্ত গাড়ি হাওড়া ব্রিজ ধরতে পারবে। হেস্টিংস ক্রসিং দিয়ে ডান দিকে ঘুরে কেপি রোডের দিকেও যাওয়া যাবে। জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে যে সমস্ত গাড়ি আসবে, সেগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এ ছাড়াও, সিজিআর রোড দিয়ে খিদিরপুরের দিক থেকে আসা গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে হেস্টিংস ক্রসিং দিয়ে বাঁদিকে। কেপি রোড দিয়ে যাওয়া গাড়িগুলি ঘুরিয়ে দেওয়া হবে ওয়াই পয়েন্ট দিয়ে ১১ ফার্লং গেটের দিকে। সেখান থেকে গাড়িগুলিকে রেড রোডে পাঠানো হবে। রেড রোড ধরে গাড়ি হাওড়া ব্রিজ ধরবে।
ঘূর্ণিঝড়ের প্রভাব কাটেনি! শনিবারও বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গে, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
দ্বিতীয় হুগলি সেতু হুগলি রিভার ব্রিজেস কমিশনার্স (এইচআরবিসি)-এর অধীনে রক্ষণাবেক্ষণ হয়। পশ্চিমবঙ্গ সরকারের এই স্বশাসিত সংস্থাটির প্রতিষ্ঠা হয় ১৯৬৯ সালে। দ্বিতীয় হুগলি সেতু নির্মাণ ও তার রক্ষণাবেক্ষণ ওই সংস্থার দায়িত্ব।




