কণাদ দাশগুপ্ত
বাংলার রাজনীতিতে বিজেপির ঐতিহাসিক উত্থানের পর এবার কি জাতীয় রাজনীতিতেও বাড়তে চলেছে বাংলার প্রতিনিধিত্ব?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল ঘিরে এই প্রশ্নেই সরগরম রাজনৈতিক মহল। আর সেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের নাম। আগামী ২৩ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হতে পারে বলে বিভিন্ন সূত্রের দাবি। যদিও প্রধানমন্ত্রীর দফতর বা কেন্দ্রীয় সরকারের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। সেই রদবদলেই বাংলা থেকে শমীক ভট্টাচার্য কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে শোনা যাচ্ছে।
বর্তমানে বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রয়েছেন সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। তাঁদের পাশাপাশি শমীককে নতুন দায়িত্ব দেওয়ার সম্ভাবনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, শমীকের সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং বক্তব্যের সংযত অথচ দৃঢ় উপস্থাপনা তাঁকে এই দায়িত্বের অন্যতম যোগ্য দাবিদার করে তুলেছে। রাজ্যে দলের সাংগঠনিক বিস্তার থেকে শুরু করে রাজনৈতিক প্রতিপক্ষের মোকাবিলা—বিভিন্ন ক্ষেত্রে তাঁর ভূমিকা দলের কেন্দ্রীয় নেতৃত্বের নজর কেড়েছে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
আরামের দিন শেষ, কেন্দ্রীয় মন্ত্রীদের কাজে ঝাঁপানোর বার্তা দিলেন মোদি
বিশেষ করে বাংলার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা কেন্দ্রীয় স্তরে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। শিল্পায়ন, বিনিয়োগ এবং রাজ্য-কেন্দ্রের সমন্বয়ের ক্ষেত্রেও তাঁর সক্রিয়তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
তাৎপর্যপূর্ণ ভাবে, সম্প্রতি দিল্লিতে প্রধানমন্ত্রী, অমিত শাহ এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের একাধিক বৈঠক হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে অমিত শাহের বৈঠকও জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে। শুক্রবার কলকাতায় বিজেপির কোর কমিটির বৈঠকও বিশেষ তাৎপর্যপূর্ণ।
সব মিলিয়ে, বাংলার রাজনৈতিক সাফল্যকে জাতীয় স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্যে শমীক ভট্টাচার্যকে কি নতুন দায়িত্ব দেওয়া হবে? আপাতত জল্পনা প্রবল। চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মহল।




