Homeবিদেশপরমাণু অস্ত্রমুক্ত পৃথিবীর স্বপ্ন জিনপিংয়ের, বাস্তবতার যুক্তিতে স্বপ্নভঙ্গ করলেন ট্রাম্প

পরমাণু অস্ত্রমুক্ত পৃথিবীর স্বপ্ন জিনপিংয়ের, বাস্তবতার যুক্তিতে স্বপ্নভঙ্গ করলেন ট্রাম্প

ওয়েব ডেস্ক: পরমাণু অস্ত্রমুক্ত পৃথিবী গড়ার স্বপ্ন দেখালেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের পথে কার্যত সংশয় প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার চিনের শেনজেনে ট্রাম্প, জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ত্রিপাক্ষিক বৈঠকে উঠে এল বিশ্বশান্তি, পরমাণু নিরস্ত্রীকরণ এবং আঞ্চলিক সংঘাতের প্রসঙ্গ। ১ ঘণ্টা ২০ মিনিটের বৈঠক শেষে চিনে তিন দিনের সফর শেষ করে আমেরিকার উদ্দেশে রওনা দেন ট্রাম্প।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) শীর্ষসম্মেলনের মঞ্চেই মুখোমুখি হয়েছিলেন তিন রাষ্ট্রপ্রধান। বৈঠকের আগে জিনপিং ও পুতিনের সঙ্গে আলাদা করে কথা বলেন ট্রাম্প। দু’জনকেই ‘বন্ধু’ বলে সম্বোধন করেন তিনি। যৌথ বৈঠকের সূচনায় ট্রাম্পের মন্তব্য, আলোচনার সুযোগ প্রত্যাখ্যান করে কখনও শান্তি প্রতিষ্ঠা করা যায় না।

এর পরেই পরমাণু অস্ত্র নিষিদ্ধ এবং সম্পূর্ণ ধ্বংসের পক্ষে সওয়াল করেন জিনপিং। তাঁর কথায়, পরমাণু অস্ত্র মানবজাতির মাথার উপরে ঝুলে থাকা খাঁড়ার মতো। কিন্তু ট্রাম্পের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। তাঁর যুক্তি, একবার পরমাণু অস্ত্র হাতে এলে তা ছেড়ে দেওয়া কঠিন। অর্থাৎ নিরস্ত্রীকরণের আদর্শে সায় দেওয়ার কোনও স্পষ্ট ইঙ্গিত দিলেন না মার্কিন প্রেসিডেন্ট।

পুতিন বৈঠকে ইউক্রেন যুদ্ধ-সহ বিভিন্ন আঞ্চলিক সংঘাতের প্রসঙ্গ তোলেন। জিনপিংয়ের বক্তব্য, বড় শক্তিগুলির মধ্যে সম্প্রীতি থাকলেই বিশ্বে শান্তি বজায় থাকে। মতপার্থক্য থাকলেও তিন রাষ্ট্রপ্রধানের এক মঞ্চে উপস্থিতি কূটনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। তবে ইউক্রেন, ইরান, পরমাণু অস্ত্র ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে মতবিরোধের কারণে বড় কোনও সমঝোতার সম্ভাবনা ক্ষীণ। বরং তিন শক্তির এই ঐক্য ছোট দেশগুলির আঞ্চলিক স্বার্থ উপেক্ষিত হওয়ার আশঙ্কাও বাড়াচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments