ওয়েব ডেস্ক: ওড়িশা উপকূলে আছড়ে পড়েছে তীব্র ঘূর্ণিঝড় আখবান। আখবানের প্রভাব পড়েছে বঙ্গেও। দক্ষিণের জেলাগুলিতেও চলছে প্রবল বৃষ্টি। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি চলছে। শুক্রবারও দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার কলকাতা ও শহরতলীতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে দিঘা ও মন্দারমণিতেও পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।লাল সতর্কতা জারি করা হয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দুই ২৪ পরগনায়। কলকাতায় অ্যালার্ট না থাকলেও ভারী বৃষ্টিপাত চলবে। শনি এবং রবিবার বৃষ্টির পরিমাণ কমলেও আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না।গত ২৪ ঘণ্টায় শহরে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। নীচু জায়গায় জল জমার আশঙ্কা রয়েছে।
ঘূর্ণিঝড়ের মেঘপুঞ্জ ভেঙে ‘দু’টুকরো’ হয়ে গিয়েছে। কারণ ওড়িশায় ঘূর্ণিঝড় হলেও, অর্ধেক মেঘ ঢুকে পড়ছে দক্ষিণবঙ্গের দুয়ারে। এর জেরে বাংলার উপকূল ও লাগোয়া অঞ্চলে প্রবল বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে মৌসম ভবন।ঘূর্ণিঝড়ের প্রভাবে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় দিঘা, মন্দারমণি, তাজপুর-সহ বিস্তীর্ণ এলাকায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে। ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হতেই বেড়েছে বৃষ্টির দাপট। সেই সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া।পরিস্থিতি মোকাবিলায় সতর্ক জেলা প্রশাসন। উপকূল সংলগ্ন এলাকায় চলছে মাইকিং। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। বিপজ্জনক পরিস্থিতি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। প্রশাসনের তরফে এলাকায় বাড়তি নজরদারি চালানো হচ্ছে। পর্যটক ও স্থানীয় বাসিন্দারা যাতে সমুদ্রের কাছে না যান, তা খেয়াল রাখা হচ্ছে। এর পাশাপাশি, সমুদ্রে নামতেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে রেলের তরফে।
আরও পড়ুন
‘আখবান’-এর ল্যান্ডফল, উত্তাল পুরীর সমুদ্র, চলছে নজরদারি-মাইকিং
শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। দিঘা, মন্দারমণি-সহ রাজ্যের সমুদ্রসৈকতে পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণ ও বিনোদনমূলক কার্যকলাপ বন্ধ রাখার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। কলকাতায় শুক্রবার দিনভর দফায় দফায় চলবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি থাকবে। শনিবার থাকবে মেঘলা আকাশ। দুপুর পর্যন্ত কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর কমবে বৃষ্টির সম্ভাবনা। রবিবার আংশিক মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। এরপর থেকে শুষ্ক আবহাওয়া থাকবে শহরে।




