HomeBig Breakingনতুন রাজনৈতিক সমীকরণের প্রস্তুতি? মোদির বৈঠক ঘিরে মন্ত্রিসভা বদলের জল্পনা

নতুন রাজনৈতিক সমীকরণের প্রস্তুতি? মোদির বৈঠক ঘিরে মন্ত্রিসভা বদলের জল্পনা

মন্ত্রিসভায় রদবদল, নাকি সংসদীয় কৌশল—কোন সমীকরণে রাতের বৈঠক

ওয়েব ডেস্ক:  কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল কি আসন্ন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে বিজেপির শীর্ষ নেতৃত্বের দীর্ঘ বৈঠক ঘিরে এই জল্পনাই নতুন করে জোরালো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এবং দলের কার্যনির্বাহী সম্পাদক বিএল সন্তোষের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠককে ঘিরে রাজধানীর রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা হিসাবনিকাশ। যদিও বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি, তবু সম্ভাবনার একাধিক দরজা খোলা থাকছে।

একদিকে মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা, অন্যদিকে সংসদের বিশেষ অধিবেশন ঘিরে রাজনৈতিক প্রস্তুতি—দুই বিষয়ই আলোচনার কেন্দ্রে। আগামী সপ্তাহে মহিলা আসন সংরক্ষণ এবং লোকসভা ও বিধানসভা কেন্দ্রের আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল পাশ করাতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা রয়েছে। সেই প্রেক্ষিতে সংসদের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার কৌশল নিয়েও শীর্ষ নেতৃত্ব আলোচনা করে থাকতে পারে বলে রাজনৈতিক মহলের অনুমান।

আরও পড়ুন 

পুরভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন গ্রহণ সুপ্রিম কোর্টের

তাৎপর্যপূর্ণ ভাবে, বুধবার কেন্দ্রীয় কাউন্সিল অব মিনিস্টার্সের বৈঠক করেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, সেখানে বিভিন্ন মন্ত্রকের কাজের অগ্রগতি এবং মন্ত্রীদের পারফরম্যান্সের খতিয়ান খতিয়ে দেখেন তিনি। কাজের মূল্যায়নের ভিত্তিতে একাধিক নির্দেশও দিয়েছেন। ফলে মন্ত্রিসভার সম্ভাব্য রদবদলের জল্পনায় নতুন মাত্রা যোগ হয়েছে।

এর মধ্যেই ২৭-২৮ নভেম্বর হরিয়ানার সুরজকুণ্ডে বিজেপির কেন্দ্রীয় পদাধিকারীদের জাতীয় কর্মশালা। নিতিন নবীনের নেতৃত্বে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি ও লক্ষ্য নির্ধারণই এই কর্মশালার উদ্দেশ্য। সব মিলিয়ে আগামী কয়েক দিন কেন্দ্রীয় রাজনীতিতে মোদির পরবর্তী পদক্ষেপের দিকেই নজর থাকবে। মন্ত্রিসভায় রদবদল, নাকি সংসদীয় কৌশল—কোন সমীকরণে রাতের বৈঠক, তার উত্তর এখন সময়ের অপেক্ষা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments