ওয়েব ডেস্ক : কালীপুজোর বিসর্জনের আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে। প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় অংশ নিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৮ বছরের এক স্কুলছাত্রী। নদিয়ার তাহেরপুর থানার অন্তর্গত বাদকুল্লার বাপুজিনগর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃত ছাত্রীর নাম দিয়া সরকার। তিনি স্থানীয় বাবুজিনগর হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার (১৩ নভেম্বর) রাতে বাদকুল্লা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাপুজিনগর পুরন্দরপুর এলাকার শুভশ্রী সঙ্ঘ বারোয়ারির কালীপ্রতিমা বিসর্জন ছিল। শোভাযাত্রায় এলাকার বহু মানুষের সঙ্গে যোগ দিয়েছিলেন দিয়া।
গড়িয়াপোতা ঘাটে প্রতিমা বিসর্জনের পর শোভাযাত্রা ফিরছিল। সেই সময় জেনারেটর লাগানো ইঞ্জিনভ্যানে ছিলেন দিয়া। আচমকাই তাঁর লম্বা চুল চলন্ত জেনারেটরের মোটর বা বেল্টের অংশে জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যে তিনি গুরুতর আঘাত পান। প্রত্যক্ষদর্শীদের দাবি, মাথায় গুরুতর আঘাত লাগার ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তাহেরপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। বিসর্জনের শোভাযাত্রায় ব্যবহৃত গাড়িগুলি এবং জেনারেটর লাগানো ইঞ্জিনভ্যান আটক করেছে পুলিশ। কীভাবে দুর্ঘটনা ঘটল, কোনও গাফিলতি বা যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।




