HomeScrollপুরভোটের আইনি জট কাটাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য, আগামী সপ্তাহে নজর আদালতের...

পুরভোটের আইনি জট কাটাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য, আগামী সপ্তাহে নজর আদালতের দিকে

কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ সরকার

নয়াদিল্লি: কলকাতার পুরভোট ঘিরে আইনি সংঘাত আরও জোরাল হল। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা পুরসভার নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশের উপর হাইকোর্টের স্থগিতাদেশ খারিজ করার আবেদন জানিয়েছে রাজ্য। আগামী সপ্তাহে শীর্ষ আদালতে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। ফলে কলকাতার পুরভোটের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপর।

কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা দায়ের হয়েছিল। অভিযোগ, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান এবং প্রশাসনিক সুবিধার মতো গুরুত্বপূর্ণ বিষয় যথাযথ গুরুত্ব পায়নি। এই মামলার প্রেক্ষিতেই গত ৬ নভেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি শিবসব্যাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রাজ্য নির্বাচন কমিশনকে পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশে নিষেধাজ্ঞা জারি করে। একক বিচারপতির বেঞ্চে মূল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে।

আরও পড়ুন:

মোদিকে প্রশ্ন করার জের, নরওয়ের সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল ঘিরে বিতর্ক

হাইকোর্টের পর্যবেক্ষণেও ওয়ার্ড পুনর্বিন্যাস এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশেষত, নির্বাচিত পুরবোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর প্রশাসক নিয়োগ এবং পরবর্তী সময়ে দ্রুত ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়ে আদালত অসন্তোষ প্রকাশ করে।

এ দিকে, কলকাতা পুরসভার পাঁচ বছরের বোর্ডের মেয়াদ ৭ ডিসেম্বর শেষ হওয়ার কথা। বর্তমানে প্রশাসকের অধীনেই চলছে পুরসভার কাজকর্ম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, ৩০ নভেম্বরের পরেও আইনি জট না কাটলে ২০৯টি ওয়ার্ডে সমন্বয়কারী নিয়োগের পথে হাঁটতে পারে রাজ্য।

রাজ্যের সুপ্রিম কোর্টে যাওয়ার ফলে পুরভোটের আইনি লড়াই নতুন পর্যায়ে পৌঁছল। আগামী সপ্তাহের শুনানিতে শীর্ষ আদালত কী অবস্থান নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments