কণাদ দাশগুপ্ত
আত্মজীবনীর নাম ‘বিলংগিং: অ্যা জার্নি অফ লাভ’ না রেখে ‘হোয়াইটওয়াশিং’ রাখলেই বেশি মানাত! কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত স্মৃতিকথা নিয়ে এভাবেই তীব্র কটাক্ষ করল বিজেপি। দলের অভিযোগ, নেহরু-গান্ধী পরিবারের অতীতের বিতর্কিত অধ্যায় এবং কংগ্রেস সরকারের একাধিক ঐতিহাসিক ভুলকে আড়াল করতেই এই বই লেখা হয়েছে। মঙ্গলবার বিজেপির জাতীয় মুখপাত্র সি আর কেশবন সমাজমাধ্যমে এই আক্রমণ শানান।
সোনিয়ার বইয়ে ১৯৭৫ সালের জরুরি অবস্থাকে ভুল সিদ্ধান্ত বলে স্বীকার করা হয়েছে। একই সঙ্গে তাঁর বক্তব্য, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছোট ছেলে সঞ্জয় গান্ধীকে নিয়ন্ত্রণে রাখতে পারলে জরুরি অবস্থার সময় অনেক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হত। কিন্তু বিজেপির দাবি, এই ব্যাখ্যা আসলে জরুরি অবস্থার ভয়াবহতাকে লঘু করে দেখানোর চেষ্টা। সেই সময় নাগরিকদের মৌলিক অধিকার খর্ব, সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ এবং রাজনৈতিক বিরোধীদের উপর দমন- পীড়নের মতো ঘটনাগুলির দায় এড়ানো যায় না।
বিজেপি মুখপাত্র কেশবন সোনিয়ার বাবরি মসজিদ ধ্বংসের প্রসঙ্গেও প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, বাবরি ধ্বংসের ঘটনায় সোনিয়া কেঁদেছিলেন বলে বইয়ে উল্লেখ রয়েছে। কিন্তু ১৯৮৪ সালের শিখবিরোধী হিংসায় নিহতদের জন্য তাঁর একই রকম আবেগ দেখা গিয়েছিল কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখা কি অপরাধ? সোনিয়ার মন্তব্যে প্রণবকন্যার পাল্টা প্রশ্ন
এ ছাড়াও ২০০৮ সালের বাটলা হাউস সংঘর্ষ, নিরাপত্তারক্ষীদের মৃত্যু এবং ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে কংগ্রেসের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।
২০০৪ সালে ইউপিএ সরকার গঠনের আগে প্রধানমন্ত্রী পদ গ্রহণ না করার সিদ্ধান্ত এবং প্রয়াত কংগ্রেস নেতা কে নটবর সিংয়ের আত্মজীবনী প্রকাশের আগে সোনিয়া- প্রিয়াঙ্কার তাঁর বাড়িতে যাওয়া নিয়েও ব্যাখ্যা চেয়েছেন কেশবন। তাঁর অভিযোগ, কংগ্রেসের দীর্ঘ শাসনকালে দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় গভীর ক্ষত তৈরি হয়েছে। সেই ইতিহাসের দায় স্বীকার না করে আত্মজীবনীর মাধ্যমে তা আড়াল করার চেষ্টা চলছে।




