HomeBig Breakingমাদক কারবারে জিরো টলারেন্স, কড়া অভিযানের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

মাদক কারবারে জিরো টলারেন্স, কড়া অভিযানের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

ওয়েব ডেস্ক: মাদক পাচার ও মাদকাসক্তির বিরুদ্ধে রাজ্যে আরও কঠোর অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাদক কারবার দমনে পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়ার পাশাপাশি স্পষ্ট জানিয়ে দিলেন, এই প্রশ্নে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। অপরাধী যতই প্রভাবশালী হোক, আইনের আওতায় তাকে আনতে হবে। সোশাল মিডিয়ায় শুভেন্দু লেখেন, ‘মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।’

সম্প্রতি পুলিশ প্রশাসনের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের বিরুদ্ধে অপরাধ এবং মাদক পাচার—এই দুই ক্ষেত্রে পুলিশকে স্বাধীনভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত বা অভিযানের ক্ষেত্রে কোনও রাজনৈতিক চাপ থাকবে না। অপরাধের সঙ্গে যুক্ত কাউকে আড়াল করার চেষ্টা হলেও সরকার তা মেনে নেবে না।

মাদক পাচারের আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক চক্র ভাঙতে রাজ্য পুলিশের পাশাপাশি বিশেষ তদন্তকারী দল (এসটিএফ) এবং কেন্দ্রীয় সংস্থাগুলির সমন্বয়ের উপরেও জোর দিয়েছেন তিনি। সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো এবং নিষিদ্ধ মাদক ও কাশির সিরাপের বেআইনি কারবার বন্ধে ধারাবাহিক অভিযান চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।

এর আগে নিউ টাউনের ইকো পার্কে প্রায় ৩ লক্ষ ১০ হাজার বোতল নিষিদ্ধ কাশির সিরাপ ধ্বংসের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বাজেয়াপ্ত ওই সিরাপের বাজারমূল্য প্রায় ৩১ কোটি টাকা। তাঁর বক্তব্য, মাদকাসক্তি শুধু তরুণ প্রজন্ম নয়, পরিবার ও সামগ্রিক সমাজকেও বিপন্ন করছে। তাই নেশামুক্ত বাংলা গড়তে সরকারের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments