ওয়েব ডেস্ক : ভারতীয় চলচ্চিত্রে ইতিহাসে প্রথম মহিলা পরিচালক হিসেবে পরিচিত ছিলেন ফাতমা বেগম। এবার তাঁর জীবনের অবলম্বনে তৈরি হচ্ছে বাংলা ছবি ফাতমা। আর সেখানেই অভিনয় করছেন অভিনেত্রীর ঋতুপর্ণা সেনগুপ্ত।
ছবিটি পরিচালনা করছেন নবাগত পরিচালক অতনু রায়। অঞ্জন বসু প্রযোজিত এবং আরোরা ফিল্ম কর্পোরেশন নিবেদিত ফাতমার ছবির শুটিং শুরু হবে আগামী বছরের প্রথম দিকে। প্রতিষ্ঠিত সাংবাদিক অতনুর চলচ্চিত্র পরিচালনায় প্রথম হাতেখড়ি হতে চলেছে। ‘ফাতমা’ ছবির মাধ্যমে অর্থাৎ বলা যেতে পারে সাংবাদিক থেকে চলচ্চিত্র পরিচালক হয়ে ওঠার নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে অতনুর জীবনে।
১৯২৬ সালের ফাতমা বেগম পরিচালিত ‘বুলবুল এ পারিস্তান’ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক মাইলফলক সৃষ্টি করেছিল। সেই ছবিটির শতবর্ষেকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে ফাতমা। তবে এই ছবিটি কোনও বায়োপিক নয়। নতুন প্রজন্মের কাছে নতুন করে পরিচিতি ঘটানো।
দুই মেয়েকে সঙ্গে নিয়ে মুম্বাই শহরে পাড়ি দিয়েছিলেন ফাতমা বেগম। চলচ্চিত্র জগতে কাজ শুরু করে অল্প সময়ের মধ্যেই নিজের পরিচিতি ঘটিয়েছিলেন তিনি। পরবর্তীকালে গড়ে তুলেছিলেন ফাতমা ফিল্মস নামে নিজস্ব প্রযোজনা সংস্থা ও স্টুডিও। কিন্তু সময়ের স্রোতে হারিয়ে যায় সেই স্টুডিও। পুড়ে নষ্ট হয়ে যায় ছবির নাইট্রেট ফিল্মের রিল। সেই ইতিহাস, সাফল্য, সংগ্রাম সবকিছুই উঠে আসবে ফাতমা ছবিতে।
অতনু রায় জানিয়েছেন, ‘সিনেমার ছাত্র হিসেবে আমি বিশ্বাস করি নতুন কোনও কাজে হাত দেওয়ার আগে সেই ক্ষেত্রে পথপ্রদর্শকদের প্রতি শ্রদ্ধা জানানোর জরুরী। ১৯২৬ সালে ফাতমা বেগম প্রথম নারী হিসেবে চলচ্চিত্র পরিচালনার সাহস দেখিয়েছিলেন। অথচ তাঁর প্রাপ্য স্মৃতিটুকু আজ পর্যন্ত সেভাবে মেলেনি। বিভিন্ন জায়গায় কথা বলতে গিয়ে দেখেছি অনেকেই তাঁর নাম টুকুও জানেন না। এই বিষয়টি আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। তাছাড়া আমার নিজের লেখা গল্প, চিত্রনাট্যাগুলি নারী কেন্দ্রিক। এই কিংবদন্তি নারীকে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়েই সিনেমা এবং চলচ্চিত্র জগতের নারীদের প্রতি আমার সম্মান জানিয়ে পরিচালনার যাত্রা শুরু করতে চেয়েছি’।




