ওয়েব ডেস্ক : মহারাষ্ট্রের রাজনীতিতে ফের জোরালো হচ্ছে এনসিপির দুই শিবিরের সংযুক্তি এবং বিজেপির সঙ্গে শরদ পাওয়ারের ঘনিষ্ঠতার জল্পনা। অসুস্থ প্রবীণ নেতা শরদ পাওয়ারকে ফোন করে তাঁর স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই কথোপকথনে শরদ-কন্যা তথা সাংসদ সুপ্রিয়া সুলেকে নিয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। এমনটাই জানিয়েছেন শরদের ঘনিষ্ঠ সহযোগী বিঠল মানিয়ার।
মানিয়ার দাবি, ফোনে মোদি শরদকে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি বলেন, সুপ্রিয়া এখন দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত। তিনি এবং অন্যরা মিলে দেশ সামলে নেবেন। শরদকে আপাতত নিজের স্বাস্থ্যের দিকে নজর দিতে বলেন প্রধানমন্ত্রী। শরদও নাকি জবাবে জানিয়েছেন, দেশের দায়িত্ব যাঁদের হাতে রয়েছে, তাঁদের উপর তাঁর আস্থা আছে।
এই কথোপকথন ঘিরেই নতুন করে জল্পনা শুরু হয়েছে, শরদ পওয়ারের এনসিপি (এসপি) কি এবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র দিকে ঝুঁকছে? এমনকি সুপ্রিয়া সুলে মোদির মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলেও দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে।
এর আগে অজিত পাওয়ারের মৃত্যুর পর দুই এনসিপি শিবিরের সংযুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছিল। সম্প্রতি অমিত শাহের সঙ্গে অজিতপন্থী এনসিপি নেতাদের বৈঠকও সেই জল্পনা বাড়িয়েছে। যদিও এনসিপির একাংশ সংযুক্তির সম্ভাবনা নাকচ করেছে।
অন্যদিকে, সুপ্রিয়া সুলে এখনও বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ফলে তাঁর সম্ভাব্য রাজনৈতিক অবস্থান বদলের জল্পনা জাতীয় রাজনীতিতেও তাৎপর্যপূর্ণ। তবে মোদি বা শরদ পাওয়ার, কেউই এখনও ফোনালাপের রাজনৈতিক ব্যাখ্যা প্রকাশ্যে নিশ্চিত করেননি।




