ওয়েব ডেস্ক: জম্মু-কাশ্মীরের রাজনীতিতে পরিচিত মুখ ওমর আবদুল্লার জীবনে শুরু হল নতুন অধ্যায়। সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে তাঁর বিবাহের খবর ঘিরে শনিবার সকাল থেকেই জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। সোশ্যাল মিডিয়ায় যুগলের ছবি প্রকাশ করে নিজেদের নতুন জীবনের ইঙ্গিত দিয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী।
শনিবার এক্স হ্যান্ডলে নিধি রাজদানের সঙ্গে দু’টি ছবি পোস্ট করেন ওমর। ছবির সঙ্গে তাঁর লেখা, ‘গতকাল থেকে শুরু হল নতুন এক যাত্রা।’ পোস্টে নিধিকে ট্যাগ করার পাশাপাশি ব্যবহার করেছেন আংটির ইমোজি। নিধিও পাল্টা পোস্টে লিখেছেন, ‘It’s done bro’। তাঁদের এই পোস্ট ঘিরেই বিবাহের খবর সামনে আসে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৩০ অক্টোবর ব্যক্তিগত পরিসরে বিয়ের অনুষ্ঠান হয়েছে। শনিবার দিল্লিতে ঘনিষ্ঠদের নিয়ে বিশেষ সংবর্ধনার আয়োজনের খবরও প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন:
একদিকে ঠাকুমার কোলে রাহুল, অন্যদিকে স্মৃতির পাতায় ইন্দিরাকে ফিরে পেলেন প্রিয়াঙ্কা
এই নতুন অধ্যায়ের পিছনে রয়েছে ওমরের জীবনের দীর্ঘ ব্যক্তিগত অধ্যায়ের সমাপ্তি। ১৯৯৪ সালে পায়েল আবদুল্লার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তাঁদের দুই পুত্র জাহির ও জামির। দীর্ঘদিন আলাদা থাকার পর ২০২৬ সালের ৩১ জুলাই সুপ্রিম কোর্টের নির্দেশে পারস্পরিক সম্মতিতে সেই বিবাহের আইনি পরিসমাপ্তি ঘটে।
রাজনৈতিক ব্যস্ততা, প্রশাসনিক দায়িত্ব এবং ব্যক্তিগত জীবনের নানা ওঠাপড়ার মধ্যেই নতুন পথচলা শুরু করলেন ওমর। তাঁর এই নতুন জীবনের খবর ইতিমধ্যেই জাতীয় স্তরে আলোচনার বিষয় হয়ে উঠেছে।




