ওয়েব ডেস্ক: রাজ্যের ১৬টি পুরসভায় বেআইনি নির্মাণের সম্ভাব্য অনিয়ম খতিয়ে দেখতে বিশেষ অডিটে নামছে ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ( CAG)। পশ্চিমবঙ্গ-সহ দেশের ২২টি রাজ্যের নির্বাচিত পুরসভায় এই পর্যালোচনা চালানো হবে। অক্টোবরের শেষ থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে ২০২৭ সালের বেশ কিছুটা সময় ধরে চলবে এই কর্মসূচি। ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত পুরসভাগুলির বিল্ডিং প্ল্যান অনুমোদন এবং সম্পত্তি কর নির্ধারণ ও আদায়ের প্রক্রিয়া খতিয়ে দেখা হবে।এই তালিকায় রয়েছে আসানসোল, শিলিগুড়ি, দক্ষিণ দমদম, ডোমকল, হলদিয়া, হালিশহর, বরানগর, কৃষ্ণনগর, উলুবেড়িয়া, দার্জিলিং, উত্তরপাড়া-কোতরং, শ্রীরামপুর, বোলপুর, টাকি, কার্শিয়াং এবং কাঁথি পুরসভা।
ক্যাগের প্রতিনিধিরা পরীক্ষা করে দেখবেন, বাড়ি বা বহুতল নির্মাণের নকশা অনুমোদনের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মানা হচ্ছে কি না। অনুমোদনের আবেদন নিষ্পত্তিতে অস্বাভাবিক দেরি হচ্ছে কি না এবং বাস্তবে নির্মাণ অনুমোদিত নকশা মেনে হচ্ছে কি না, তাও খতিয়ে দেখা হবে। পাশাপাশি সম্পত্তি করের ক্ষেত্রে করযোগ্য সম্পত্তির সঠিক নথিভুক্তি, কর নির্ধারণের পদ্ধতি, রাজস্ব আদায়, বকেয়া এবং সম্পত্তির পুনর্মূল্যায়নের ব্যবস্থাও পর্যালোচনার আওতায় থাকবে। এই কর্মসূচির কথা জানিয়ে পুর ও নগরোন্নয়ন দপ্তর ১৩ অক্টোবর সংশ্লিষ্ট পুরসভাগুলিকে চিঠি দিয়েছে। প্রয়োজনীয় নথি ও তথ্য দিয়ে ক্যাগের প্রতিনিধিদের সহযোগিতা করতে বলা হয়েছে।
পর্যালোচনায় অনিয়ম বা প্রশাসনিক দুর্বলতা ধরা পড়লে তা সংশ্লিষ্ট রিপোর্টে উল্লেখ করা হতে পারে। সেই রিপোর্ট বিধানসভায় পেশ করা হবে। পরবর্তী পদক্ষেপের দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট রাজ্য সরকারের। তবে অডিটের আগে কোনও পুরসভায় বেআইনি নির্মাণের অনিয়ম প্রমাণিত হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছনোর সুযোগ নেই।




