HomeLive Updatesনা ফেরার দেশে চিত্রশিল্পী যোগেন চৌধুরী

না ফেরার দেশে চিত্রশিল্পী যোগেন চৌধুরী

ওয়েব ডেস্ক: বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরী। রবিবার সকালে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। সকাল ১০টা নাগাদ দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্লাড ক্যানসার ও মূত্রনালীর সংক্রমণে ভুগছিলেন শিল্পী। তাঁর লড়াই থামল ৮৭ বছর বয়সে।

গত এক বছরেরও বেশি সময় ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। চিকিৎসা চলছিল। সম্প্রতি দুর্গাপুজোর সময় আক্রান্ত হন মূত্রনালীর সংক্রমণে। গত ১৪ মাসে তাঁকে একাধিকবার কেমোথেরাপিও দেওয়া হয়। দুর্গাপুজোর সময় মূত্রনালীর সংক্রমণ নিয়ে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সূত্রের খবর, চিকিৎসক তুফান কান্তি দোলাইয়ের তত্ত্বাবধানে চলছিল চিকিৎসা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সম্মতিতে শনিবার ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। কিন্তু শেষরক্ষা হল না।

রেখা ও রঙের মিশেল নিজস্ব ভাষায় ফুটিয়ে তুলেছিলেন। সমকালীন ভারতীয় চারুকলাকে বিশ্বমঞ্চে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন যোগেন চৌধুরী। ১৯৩৯ সালের ১৬ ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার ফরিদপুরের দাহারপাড়া গ্রামে তাঁর জন্ম। দেশভাগের সময়ে কলকাতায় এসেছিল তাঁর পরিবার। এখানেই গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্র্যাফ্টস থেকে তাঁর প্রাথমিক শিল্পশিক্ষা সম্পন্ন হয়। পরবর্তী সময়ে ফ্রান্সে গিয়ে প্যারিসের বিখ্যাত একোল দে বোজার-এ উচ্চতর শিল্পচর্চায় যুক্ত হন তিনি। দেশে ফিরে রাষ্ট্রপতি ভবনের আর্ট গ্যালারির কিউরেটরের দায়িত্বও দীর্ঘ দিন দক্ষতার সঙ্গে সামলেছেন। শনিবার তাঁর শারিরীক অবস্থার অবনতির খবর পেতেই আপামর রাজ্যবাসী তাঁর আরোগ্য কামানা করছিলেন। কিন্তু রবিবার সকালে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments