ওয়েব ডেস্ক: নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে আন্দোলন আরও জোরদার করতে ‘মক পার্লামেন্ট’ বা প্রতীকী সংসদ অধিবেশনের আয়োজনের পরিকল্পনা করছে বিরোধী ‘ইন্ডিয়া’ মঞ্চ। প্রাথমিক ভাবে আগামী ২৮ অক্টোবর দিনটিকে চিহ্নিত করেছে কংগ্রেস। সেখানে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অপসারণ প্রক্রিয়া প্রতীকী ভাবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। তবে কর্মসূচির চূড়ান্ত দিন ও স্থান এখনও স্থির হয়নি।
দিন দশেক আগে দিল্লির সুনেহেরি বাগ রোডে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সরকারি বাসভবনে বিরোধী নেতাদের ‘চায়ে পে চর্চা’য় এই কর্মসূচির ভাবনা উঠে আসে। রাস্তায় নেমে আন্দোলনের পাশাপাশি সংসদীয় পদ্ধতিতে প্রতিবাদের বার্তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়। কংগ্রেস সূত্রে খবর, প্রস্তাবিত অধিবেশনে আইনজীবীদেরও আমন্ত্রণ জানানো হবে। দিল্লির তালকাটোরা স্টেডিয়াম সম্ভাব্য স্থান হিসাবে বিবেচনায় রয়েছে।
কংগ্রেসের এক প্রবীণ নেতার কথায়, শীর্ষ নেতৃত্বের স্তরে কর্মসূচি তৈরির কাজ চলছে। রাহুল গান্ধী এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল আগেই জানিয়েছেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।
সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি জানিয়েছেন, বিশিষ্ট আইনজ্ঞ এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। প্রতীকী বিচারপর্বে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগগুলি তুলে ধরা হবে। পাশাপাশি, তাঁর পক্ষে সওয়াল করার জন্যও একজনকে রাখা হবে বলে জানিয়েছেন বেবি।
তবে পরবর্তী কর্মসূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সম্মিলিত ভাবেই নেওয়া হবে বলে বিরোধী শিবিরের এক প্রবীণ নেতার বক্তব্য। কোনও একটি দল একতরফা ভাবে সিদ্ধান্ত নেবে না বলেও তিনি স্পষ্ট করেছেন।




