HomeBig Breakingকাকদ্বীপে শনিবার প্রথম প্রশাসনিক সফরে শুভেন্দু, গঙ্গাসাগর মেলা ঘিরে বাড়ছে প্রস্তুতি

কাকদ্বীপে শনিবার প্রথম প্রশাসনিক সফরে শুভেন্দু, গঙ্গাসাগর মেলা ঘিরে বাড়ছে প্রস্তুতি

মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবার কাকদ্বীপে যাচ্ছেন শুভেন্দু অধিকারী

কলকাতা: পালাবদলের পরে মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম বার কাকদ্বীপে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। শনিবার, ২৪ অক্টোবর কাকদ্বীপের স্টেডিয়াম মাঠে প্রশাসনিক বৈঠক ও সভা করবেন তিনি। তাঁর সফরকে কেন্দ্র করে জোরকদমে চলছে প্রস্তুতি। জেলার উন্নয়ন, সুন্দরবনের প্রশাসনিক কাঠামো এবং ২০২৭ সালের গঙ্গাসাগর মেলা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ হেলিকপ্টারে কাকদ্বীপের স্টিমারঘাট সংলগ্ন স্টেডিয়াম মাঠের হেলিপ্যাডে নামার কথা মুখ্যমন্ত্রীর। সেখান থেকে প্রথমে রবীন্দ্রভবনে যাবেন তিনি। সেখানে প্রশাসনিক বৈঠকের পরে স্টেডিয়াম মাঠে সভা করবেন শুভেন্দু।

সভাস্থল পরিদর্শন করে প্রস্তুতি খতিয়ে দেখেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী দীপঙ্কর জানা, সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক, সুন্দরবন পুলিশ জেলার সুপার-সহ বিভিন্ন দফতরের আধিকারিকেরা। পরে মহকুমাশাসকের দফতরেও বৈঠক হয় তাঁদের।

প্রশাসনিক বৈঠকে জেলার বর্তমান পরিস্থিতি ও উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করা হতে পারে। বিশেষ গুরুত্ব পেতে পারে ২০২৭ সালের গঙ্গাসাগর মেলা। নতুন সরকারের আমলে এই প্রথম মেলা আয়োজনের দায়িত্ব সামলাবে রাজ্য। মেলার পরিকাঠামো উন্নয়ন, ব্যবস্থাপনা এবং গঙ্গাসাগরকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার বিষয়টি আলোচনায় উঠতে পারে।

পাশাপাশি, সুন্দরবনকে পৃথক জেলা হিসাবে গড়ে তোলার প্রক্রিয়া নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৈঠকের চূড়ান্ত আলোচ্যসূচি এখনও স্পষ্ট নয়।

সুন্দরবন উন্নয়নমন্ত্রী দীপঙ্কর জানা বলেন, “শনিবার কাকদ্বীপে আসবেন মুখ্যমন্ত্রী। তার আগে সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকও করা হয়েছে।”

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments